আওয়ামী লীগ, অবরোধ
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। নয়া দিগন্ত
ads

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা ব্রিজ নামক স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাদারীপুর ডাসারের ভাঙ্গা ব্রিজ এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়কে গাছ ফেলেন। এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীরা সামনে এগিয়ে তাতীবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে মিছিল করেন।

এ সময় তারা প্রায় দুই ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়।

বিক্ষোভ চলাকালে মাদারীপুর সদর থানা ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে।