
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকেই যেন পথ হারিয়েছে বাংলাদেশ দল। একের পর এক ম্যাচে ব্যর্থতা, দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব—সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়েছে টাইগারদের কোচিং ব্যবস্থা।
এবার সেই ব্যর্থতার দায়ে প্রধান কোচ ফিল সিমন্সের বিদায়ও দেখতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও দক্ষিণ আফ্রিকা সফর শেষেই শেষ হতে পারে তার বাংলাদেশ অধ্যায়।
গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ডারউইন টেস্টের পর তিন মাসে ১০ ম্যাচ খেলেও জয়হীন শান্ত-লিটনরা।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্ট সিরিজে বড় ব্যবধানে হারতে হয়েছে দলকে। শুধু ব্যবধান বড় নয়, লড়াই করতে পারেনি দল। এমন পরিস্থিতিতে সিমন্সের কোচিং নিয়েও অসন্তুষ্টি বাড়ছে বিসিবির নীতিনির্ধারকদের মাঝে।
সিমন্সের অধীনে লাল বলের ক্রিকেটে কিছুটা স্বস্তি থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স সেই স্বস্তি কেড়ে নিয়েছে। সাদা বলের ক্রিকেটেও প্রত্যাশা পূরণ করতে পারছে না বাংলাদেশ। বিশেষ করে ক্রিকেটারদের কাছ থেকে যথাযথ জবাবদিহি আদায় করতে না পারার অভিযোগ উঠেছে প্রধান কোচের বিরুদ্ধে।
আগে ধারণা করা হচ্ছিল, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন সিমন্স। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সম্ভাবনা অনেকটাই কমে এসেছে। বিসিবি সভাপতি তামিম ইকবালও কয়েক দিন আগে ইঙ্গিত দিয়েছিলেন, সামনে বড় কোনো পরিবর্তন আসতে পারে।
এদিকে সিমন্সের বিকল্প খোঁজার কাজও শুরু করেছে বোর্ড। সম্ভাব্য কয়েকজন কোচের সাথে যোগাযোগের কথাও শোনা যাচ্ছে। আলোচনায় রয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ জোনাথন ট্রট। পাশাপাশি পাকিস্তানের সাবেক এক কোচ ও শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক এক অধিনায়কের নামও ঘুরছে ক্রিকেটাঙ্গনে।
নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে এবার শৃঙ্খলা ও কঠোরতাকে বিশেষ গুরুত্ব দিতে চায় বিসিবি। ড্রেসিংরুমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও ক্রিকেটারদের কাছ থেকে জবাবদিহি আদায় করতে পারবেন—এমন একজন প্রধান কোচ খুঁজছে বোর্ড।
বিসিবির এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, কোচ নিয়োগের পুরো বিষয়টি দেখছেন সভাপতি তামিম ইকবাল। তার আন্তর্জাতিক যোগাযোগ ও পরিচিতিকে কাজে লাগিয়ে প্রধান কোচের পাশাপাশি ব্যাটিং কোচ নিয়োগের বিষয়টিও এগিয়ে নেয়া হচ্ছে।
সেই সাথে তিনি জানান, এবার বিসিবি চাচ্ছে ড্রেসিংরুম সামলাতে কড়া একজন হেডমাস্টার। তবে বিশ্বকাপের আগে আগে নতুন কোচকে দায়িত্ব দেয়া কতটা কাজে দেবে, এমন আলোচনাও হচ্ছে।
এদিকে, শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সভার অন্য আলোচ্যসূচির পাশাপাশি প্রধান কোচ পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









