বাংলাদেশী কর্মী, মালয়েশিয়া, বাংলাদেশ, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ দূতাবাস, বোয়েসেল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রদূত
মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের স্বাগত জানাচ্ছে বাংলাদেশ দূতাবাস। নয়া দিগন্ত
ads

বিনা খরচে বাংলাদেশী কর্মীর প্রথম ফ্লাইট মালয়েশিয়ার মাটিতে পা রেখেছে। সরকারি জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে প্রথম দফায় ১১২ জন বাংলাদেশী কর্মীর মধ্যে ১০৫ জন মালয়েশিয়ায় পৌঁছান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মালয়েশিয়ায় পৌঁছায়।

বিদেশগামী এই কর্মীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতসহ অন্য কর্মকর্তারা।

সরকারের ঘোষণা অনুযায়ী, গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট চার হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে স্বয়ংক্রিয় লটারি পদ্ধতিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। দুই দিনের সাক্ষাৎকারে নির্বাচিত কয়েকজন প্রার্থী অনুপস্থিত থাকায় পরে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরো ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেয়া হয়। সবশেষে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেয় ডিএইচএল কর্তৃপক্ষ। কিন্তু ভিসা সমস্যার কারণে বাকি সাতজন এই বহরে আসতে পারেননি বলে জানিয়েছেন বাংলাদেশস্থ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো: সিদ্দিকুর রহমান।

প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় আসার কথা রয়েছে। যাদেরকে লটারির মাধ্যমে বাছাই করা হচ্ছে বলে জানা গেছে। 

এ সময় নবাগত কর্মীদের উদ্দেশে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, ‘মালয়েশিয়ার আইন অনুযায়ী, আপনারা যে কোম্পানির ভিসা নিয়ে এদেশে এসেছেন, সেই কোম্পানি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা এজেন্টের প্ররোচনায় অন্য কোথাও কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন আইনি জটিলতায় পড়তে পারেন। তাই কোনো ব্যক্তি বা এজেন্টের প্রলোভন কিংবা ভুল পরামর্শে প্রভাবিত না হয়ে নিজ নিজ নিয়োগকর্তা ও ভিসার শর্ত মেনে কাজ করার আহ্বান জানাচ্ছি।’