নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। সংগৃহীত ছবি
ads

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের নেতৃত্বাধীন ডানপন্থী জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত দেশটির চলতি মাসের নির্বাচনের চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। 

এর ফলে দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকার গঠনে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছে নতুন একটি মধ্যপন্থী রাজনৈতিক দল।র।

গত ৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে লুক্সনের নেতৃত্বাধীন ন্যাশনাল পার্টির জোট কোনোভাবে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিল।

তবে আসনসংখ্যার ব্যবধান ছিল অত্যন্ত কম। শুক্রবার ঘোষিত চূড়ান্ত ফলাফলে লুক্সনের দল দু’টি আসন হারিয়েছে। ফলে পপুলিস্ট দল এনজেড ফার্স্ট ও উদারপন্থী অ্যাক্ট পার্টিকে নিয়ে গঠিত তার জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র এক আসন পিছিয়ে পড়েছে।

নির্বাচনের পর লুক্সন দাবি করেছিলেন, নতুন সরকার গঠনের জন্য জনগণের কাছ থেকে তিনি ম্যান্ডেট পেয়েছেন। 

গত ৭ নভেম্বরের নির্বাচনের পর থেকে লুক্সন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এখন সরকার পরিচালনা করতে হলে তাকে কিউলেই ওংয়ের নেতৃত্বাধীন নতুন মধ্যপন্থী দল ‘অপরচুনিটি’র সমর্থন নিতে হবে।

দলটির সাথে সমঝোতা না হলে, দেশটিতে আবারো নির্বাচন হতে পারে।

সহনশীল ও নমনীয় রাজনৈতিক চর্চার প্রতিশ্রুতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে ওংয়ের দল। 

কয়েক দশকের মধ্যে এই প্রথম সাবেক কোনো মন্ত্রীর নেতৃত্ব ছাড়াই একটি দল নিউজিল্যান্ডের সংসদে জায়গা করে নিল।

ওং প্রতিশ্রুতি দিয়েছেন, সংসদে যে দলের আসনসংখ্যা সবচেয়ে বেশি হবে, তাদের সাথেই কাজ করবেন।

তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীবনযাত্রার ব্যয় কমানো ও রাজনীতিতে স্বচ্ছতা ফিরিয়ে আনার বিষয়ে তার দলের নির্ধারিত শর্তগুলো নিয়ে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন তিনি।

নির্বাচনী প্রচারের সময় ওং জানিয়েছিলেন, এনজেড ফার্স্ট দলের নেতা উইনস্টন পিটার্স পররাষ্ট্রমন্ত্রী থাকলে তিনি সেই সরকারের সাথে কাজ করবেন না। 

এর আগে চীনে জন্ম নেয়া নিউজিল্যান্ডের এক আইনপ্রণেতাকে পিটার্স বলেছিলেন, ‘নিজের দেশে ফিরে যান।’

সরকার গঠনে নির্ধারক মধ্যপন্থী দল
নির্বাচনের পর লুক্সন ও প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্স—দু’জনই ওংয়ের সাথে দীর্ঘ বৈঠক করেছেন। নিউজিল্যান্ডের পরবর্তী সরকার গঠনে এখন নির্ধারক অবস্থানে উঠে এসেছেন ওং। 

৩৮ বছর বয়সী ওং আগে বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজিতে কাজ করতেন। গত বছরের আগস্টে তিনি এমন একটি দলের নেতৃত্ব গ্রহণ করেন, জনমত জরিপে যার সমর্থন ছিল মাত্র ১ শতাংশের মতো। 

ক্রমবর্ধমান রাজনৈতিক মেরুকরণের বিপরীতে তিনি ‘বাস্তবভিত্তিক রাজনীতি’র কথা বলেন। তার ভাষায়, ‘আমি রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমাতে চাই।’

চলতি মাসের নির্বাচনে জয়ী হওয়ার পর ওং বলেন, বিশ্বজুড়ে এক দশক ধরে পপুলিজম ও উগ্রবাদের বিস্তারের পর এবারের ফলাফল রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, বিশ্বজুড়েই বাস্তবভিত্তিক রাজনীতির পক্ষে মানুষের সমর্থন বাড়ছে।’

সূত্র : বাসস