
গাজা যুদ্ধ চলাকালে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করেছেন ইসরাইলি সেনারা। গত বুধবার (২৫ নভেম্বর) ইসরাইলের সরকারি সম্প্রচার মাধ্যম ‘কান’-এর এক দীর্ঘ অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে কয়েকজন কর্মকর্তা ও সেনা এই স্বীকারোক্তি দেন।
ইসরাইলি সেনারা জানিয়েছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে।
সেনারা আরো জানিয়েছেন যে, আটক ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হাতকড়া পরিয়ে ইসরাইলি সেনাদের প্রবেশের আগে বিভিন্ন ভবন ও সুড়ঙ্গে তল্লাশি চালাতে বাধ্য করা হতো। তারা এই পদ্ধতির নাম দিয়েছিলেন ‘মশা প্রোটোকল’।
বিভিন্ন ইউনিটে এসব ফিলিস্তিনিকে ‘শাউইশ’ নামে ডাকা হতো।
এক সামরিক কর্মকর্তা ফিলিস্তিনি বন্দীদের উল্লেখ করে বলেন, ‘তাদের ব্যবহারের উদ্দেশ্য ছিল—যদি কোনো বিস্ফোরক থাকে, তবে তা যেন আমাদের কোনো সেনার ওপর না ফুটে, বরং তাদের ওপর ফোটে।’
তিনি আরো বলেন, ‘আমি সবসময়ই শত্রু রাষ্ট্রের নাগরিকদের চেয়ে ইসরাইলি সেনাদের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেবো।’
সাক্ষাৎকার দেয়া সব কর্মকর্তারই মুখ অস্পষ্ট করে দেখানো হয়েছে এবং তাদের ছদ্মনামে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।
অনুষ্ঠানটি সম্প্রচারের আগেই ইসরাইলি মন্ত্রী ও আইনপ্রণেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কেউ কেউ এটি সেন্সর করার বা প্রচার বন্ধ করার দাবিও জানিয়েছিলেন। বিরোধীদলীয় নেতা আভিগদোর লিবারম্যানও এটি প্রচার না করার আহ্বান জানান।
‘এদের খুব বেশি মারধর না করার চেষ্টা করো’
ইনফ্যান্ট্রি ব্রিগেডের এক সদস্য জানান, একটি কথোপকথন শুনে তিনি প্রথম এই বিষয় সম্পর্কে জানতে পারেন। সেখানে এক কোম্পানি কমান্ডার অন্য এক কর্মকর্তাকে বলছেন, ‘আমার কাছে দু’টি ‘ইয়াতোমিম’ নিয়ে এসো।’ হিব্রু শব্দ ‘ইয়াতোমিম’-এর অর্থ ‘অনাথ’। তবে এখানে তারা এটি ‘মানবঢাল’ বোঝাতে ব্যবহার করছিল।
ব্রিগেডের ওই সদস্য জানান, পরদিন এক জিজ্ঞাসাবাদকারী প্রায় ১৬ বছর বয়সী এক কিশোরসহ দু’জন ফিলিস্তিনিকে তাদের হাতে তুলে দিয়ে বলেন, ‘এদের আমরা অভিযানের পথ থেকে আটক করেছি। কোনো ভবনে প্রবেশের সময় এদের ব্যবহার করো। তবে খেয়াল রেখো, এদের যেন খুব বেশি মারধর না করা হয়।’
পরবর্তীতে এক প্লাটুন কমান্ডার জানান, এই ব্যক্তিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে—অর্থাৎ সেনাদের আগে তাদের পাঠানো হবে, যাতে তারা দরজা খুলে ভেতরে ঢুকতে পারে এবং সেনাদের আগেই বিভিন্ন অবস্থানে প্রবেশ করে।
ব্রিগেড সদস্য বলেন, ‘এভাবে যদি কোথাও কোনো বিস্ফোরক থাকে, তবে সেটি আমাদের ওপর না ফুটে তাদের ওপরই বিস্ফোরিত হবে। তাদের মধ্যে ১৬ বছর বয়সী কিশোরটি ভয়ে কাঁপছিল। দু’জনেরই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। প্রতিবার কোনো অবস্থানে প্রবেশের আগে আমরা তাদের চোখের ওপর থাকা প্লাস্টিকের আবরণ সরিয়ে দিতাম, কিন্তু তাদের হাতের বাঁধন খুলতাম না।’
২০২৫ সালের জুন মাসে জাতিসঙ্ঘ জানায়, তারা নিশ্চিত হয়েছে যে ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় ও অধিকৃত পশ্চিম তীরে মোট ২৭ জন ফিলিস্তিনি কিশোরকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করেছে।
কুকুরের পরিবর্তে ‘মানবঢাল’ ব্যবহার
অন্য এক কর্মকর্তা জানান, একটি যন্ত্রের মাধ্যমে মুখমণ্ডল স্ক্যান করার পর ফিলিস্তিনিদের বাছাই করা হতো। যন্ত্রটিতে সবুজ সংকেত দেখালে তাকে এই কাজের জন্য নির্বাচন করা যেত। এই সংকেতের অর্থ ওই ব্যক্তি গাজার কোনো সশস্ত্র গোষ্ঠীর সাথে যুক্ত নন। যাদের বাছাই করা হতো, তারা সাধারণত ২০ থেকে ৩০ বছর বয়সী তরুণ।
আদম নামের আরেক কর্মকর্তা জানান, একবার কমান্ডাররা সেনাদের বলেছিলেন যে তাদের সাথে কোনো কুকুর-বাহিনী (কাইনিন ইউনিট) থাকবে না। বরং এর পরিবর্তে তাদের ব্যবহারের জন্য ফিলিস্তিনি ‘মানবঢাল’ দেয়া হবে।
তিনি বলেন, ‘শুরুতে আমরা এমন একটি এলাকায় হাতকড়া পরা এক ফিলিস্তিনিকে দেখতে পাই, যেখানে সুড়ঙ্গ ছিল। তার সাথে ছিলেন কয়েকজন সেনা, যাদের দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা বিশেষ বাহিনীর সদস্য। এটি অত্যন্ত চমকে দেয়ার মতো একটি বিষয় ছিল, কারণ প্রথম কয়েক সপ্তাহে আমরা কোনো ফিলিস্তিনিকেই দেখতে পাইনি। গাজার কোনো বাসিন্দার দেখাও মেলেনি।’
অন্য একজন সেনা এই কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দিয়ে বলেন, এটি সেনাদের জীবন বাঁচানোর একটি উপায়।
তিনি বলেন, ‘যখন এমন কোনো পদ্ধতি থাকে যা সেনাদের জীবন বাঁচাতে পারে এবং এ বিষয়ে সবার মধ্যে এক ধরনের ঐকমত্য থাকে যে এটি গ্রহণযোগ্য, তখন সেনাদের মৃত্যুর চেয়ে এই পদ্ধতিটিকেই শ্রেয় বলে মনে করা হয়। এটি নৈতিকভাবে অত্যন্ত ক্লান্তিকর, তবে এটাও সত্য যে যুদ্ধের সময় এমন সব অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে।’
ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। গাজায় চলমান গণহত্যার সময় এই চর্চাটি সাধারণ ঘটনায় পরিণত হয় এবং সম্প্রতি লেবানন ও অধিকৃত পশ্চিম তীরেও এমন ঘটনার খবর পাওয়া গেছে।
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে যে, এই ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ এবং তারা সেনাদের বিরুদ্ধে মানবঢাল ব্যবহারের সন্দেহজনক ঘটনাগুলোর বিষয়ে ফৌজদারি তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে।
তবে ইসরাইলি সামরিক বাহিনীর তদন্তের ফলে কোনো বিচার হয়নি।
সূত্র : মিডল ইস্ট আই
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









