
যৌতুকের নির্মমতা তুলে ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মানব পরিচালনার সমন্বয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘HER PRICE | তার দাম’। নির্মাতা সামিনা আক্তারের দাবি, বাংলাদেশে সামাজিক ইস্যু, বিশেষ করে যৌতুকের নির্মমতা নিয়ে এআই-পাওয়ার্ড ও হিউম্যান-ডিরেক্টেড প্রামাণ্যচিত্র হিসেবে এটিই প্রথম।
প্রামাণ্যচিত্রের শুরুতেই এআই ব্যবহারের বিষয়টি জানানো হয়েছে। এতে কোনো বাস্তব মানুষের মুখ বা নাম ব্যবহার করা হয়নি। শেষ অংশে যৌতুক নিরোধ আইন, ২০১৮ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর প্রাসঙ্গিক বিধান তুলে ধরা হয়েছে। পাশাপাশি জাতীয় হেল্পলাইন ১০৯ ও জরুরি সেবা ৯৯৯-এর তথ্য দেয়া হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যৌতুক-সংক্রান্ত সহিংসতার শিকার হয়েছেন ৪০ জন নারী। তাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে।
প্রামাণ্যচিত্রটির প্রথম সংস্করণ গত ২৯ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়। পরে ১৩ নভেম্বর প্রকাশ করা হয় বাংলা মূল সংস্করণ ও তথ্য-যাচাইকৃত ইংরেজি সংস্করণ। ২১ নভেম্বর পর্যন্ত সংবাদমাধ্যম, ইউটিউব ও অনলাইন প্ল্যাটফর্মে অনুসন্ধান করে দেশে এর আগে একই ধরনের প্রামাণ্যচিত্রের তথ্য পাওয়া যায়নি বলে জানান নির্মাতা। প্রতিবেদকের অনুসন্ধানেও একই ধরনের কোনো কাজের সন্ধান মেলেনি।
ছবিটির দৃশ্য ও কণ্ঠ এআই দিয়ে তৈরি হলেও গল্প, চিত্রনাট্য, পরিচালনা, সম্পাদনা ও তথ্য যাচাই করেছেন মানুষ। সামিনা আক্তার এর রচনা, পরিচালনা, বর্ণনা ও সম্পাদনা করেছেন। বাংলা সংস্করণের দৈর্ঘ্য দুই মিনিট ৩৯ সেকেন্ড এবং ইংরেজি সংস্করণের দুই মিনিট ৩২ সেকেন্ড। দু’টি সংস্করণই ইউটিউব ও নির্মাতার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
প্রামাণ্যচিত্রটির পটভূমি চট্টগ্রামের পটিয়ায় ঘটে যাওয়া একটি ঘটনা। অক্টোবরে জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিয়ের পাঁচ মাস পর এক মা মেয়ের শ্বশুরবাড়িতে ৪৫০টি পিঠা, পেয়ারা, চিংড়ি, মাছ, দুধ ও ফল নিয়ে যান। এসব নিয়ে অসন্তোষ প্রকাশের অভিযোগ ওঠে। এরপর তিন মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকে মারধরের অভিযোগ ওঠে। নয় দিন পর তার মৃত্যু হয়। প্রামাণ্যচিত্রে কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি এবং ভুক্তভোগী বা সংশ্লিষ্ট কারো পরিচয় প্রকাশ করা হয়নি।
ঘটনার কোনো ভিডিও ফুটেজ না থাকায় এবং ভুক্তভোগীর পরিচয় গোপন রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে এআই দিয়ে দৃশ্যগুলো প্রতীকীভাবে পুনর্নির্মাণ করা হয়েছে বলে জানান সামিনা আক্তার। তিনি বলেন, ‘দৃশ্য বানিয়েছে এআই, কিন্তু কী দেখাব আর কী দেখাব না, সেই সিদ্ধান্ত মানুষের।’
তিনি আরো বলেন, ‘মৃত্যুর দৃশ্য দেখাইনি। এআই সবকিছু দেখাতে পারে; কোথায় থামতে হয়, সেটা ঠিক করাই পরিচালকের কাজ।’
নির্মাতা জানান, প্রথম সংস্করণের পরিসংখ্যান-কার্ডে দু’টি সংখ্যাগত ভুল ছিল, যা পরবর্তী সংস্করণে সংশোধন করা হয়েছে। প্রকাশের তারিখের প্রমাণ হিসেবে প্রথম সংস্করণটি অপরিবর্তিত রাখা হয়েছে। ‘HER PRICE | তার দাম’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ধারাবাহিক প্রামাণ্যচিত্র সিরিজের প্রথম পর্ব। নির্মাণে সহযোগিতা করেছে মুগলি ডিজিটাল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









