
ভারতের কিশোর ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশীর আদর্শ যুবরাজ সিং। সাবেক এই অলরাউন্ডারের সাথে আধা ঘণ্টার অনুপ্রেরণামূলক আলোচনাই সূর্যবংশীকে ৫৩ বলে রেকর্ডগড়া ২০৪ রানের ইনিংস খেলতে সাহায্য করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার দোহায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’-দলের সাত উইকেটের জয়ে ১৫ বছর বয়সী এই ব্যাটার মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন। ইনিংসে ২৮টি ছক্কা হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।
মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী। অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের আগের রেকর্ডের চেয়ে এক বল কম খেলেছেন তিনি।
ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ৫২ বলে। এতে চ্যাড বোয়েসের ১০৩ বলের আগের রেকর্ডটি সহজেই ভেঙে দেন।
একের পর এক নতুন রেকর্ডের ইনিংস শেষে সূর্যবংশী জানান, টানা দুটি হতাশাজনক পারফরম্যান্সের পর সাবেক ভারতীয় ক্রিকেটার ও বাঁহাতি ব্যাটার যুবরাজের পরামর্শ তার ব্যাটিংয়ের কারিগরি ত্রুটি শুধরে নিতে সহায়তা করেছে।
বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড প্রকাশিত এক সাক্ষাৎকারে সূর্যবংশী বলেন, ‘আমার আদর্শ যুবি স্যারের (যুবরাজ সিং) সাথে কথা বলেছিলাম এবং মনোযোগ দিয়ে তার কথা শুনেছিলাম।’
‘তিনি আমাকে একের পর এক অনেক কিছু বুঝিয়ে বলেছেন। পরে নিজের ভিডিও দেখার সময় বুঝতে পেরেছি, কোথায় ভুল করছিলাম।’
‘সেই ভুলগুলো না করার চেষ্টা করেছি এবং তার পরামর্শ অনুসরণ করেছি। এতে আমি অনেক উপকৃত হয়েছি।’
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত ‘এ’।
তার স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯০।
এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের পরিচিতি গড়ে তুললেও সব সংস্করণের সাথে মানিয়ে নেয়ার সামর্থ্য রয়েছে বলে জানিয়েছেন সূর্যবংশী।
তিনি বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী আমি নিজের খেলার ধরন বদলাতে পারি। নিজের খেলার ওপর আমার এতটাই নিয়ন্ত্রণ রয়েছে।’
আগের দুটি ম্যাচে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সমস্যায় পড়েছিলেন বলেও স্বীকার করেন তিনি। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে বুঝতে পেরেছিলেন, উইকেট আক্রমণাত্মক ব্যাটিংয়ের অনুকূলে।
তিনি আরো বলেন, ‘আজও আমার মানসিকতা একই ছিল। তবে উইকেট দেখে মনে হয়েছে, বোলারদের জন্য খুব বেশি সহায়তা নেই। আমি যদি আক্রমণাত্মক শট খেলি, তাহলে বল ব্যাটে ভালোভাবে আসবে। তাই নিজের শক্তির ওপর আস্থা রেখেছি।’
ইতোমধ্যে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী।
জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের মধ্য দিয়ে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হন তিনি। ভেঙে দেন শচীন টেন্ডুলকারের রেকর্ড।
এ বছর রাজস্থান রয়্যালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন তিনি। ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সূর্যবংশী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









