
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের একাদশ এখনো চূড়ান্ত হয়নি। সেঞ্চুরিয়ানের উইকেট দেখে কাল মাঠে নেমেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চান হেড কোচ ফিল সিমন্স। চার পেসার খেলানোর সম্ভাবনা থাকলেও প্রতিপক্ষের কৌশল অনুসরণ নয়, নিজেদের প্রয়োজনকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স জানান, আগের টেস্টে বাংলাদেশ সাত ব্যাটার নিয়ে খেলেছিল। এবার উইকেটের চরিত্র বুঝে একাদশ সাজানো হবে। তিনি বলেন, ‘আমরা সাত ব্যাটার নিয়ে খেলেছিলাম। তবে এখনো একাদশ চূড়ান্ত করিনি। মাঠে গিয়ে উইকেট দেখার পর ঠিক করব, একাদশ কেমন হবে।’
আরো পড়ুন : ‘আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে’
সেঞ্চুরিয়ানে ভারত ও পাকিস্তানের মতো দল চার পেসার নিয়ে খেললেও বাংলাদেশের ক্ষেত্রে সেটিই অনুসরণ করতে চান না কোচ। তার মতে, দলগুলোর ভারসাম্য ও গঠন অনুযায়ী বোলিং আক্রমণ সাজানো হয়। বাংলাদেশের জন্য কোন সমন্বয় কার্যকর, সেটিই বিবেচনায় নেয়া হবে।
প্রথম টেস্টে বোলারদের লাইন ও লেংথে ঘাটতি ছিল বলে মনে করেন সিমন্স। অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের লাইনে প্রতিপক্ষকে আরো বেশি খেলাতে চান তিনি। তবে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর প্রথম ইনিংসে ৪০০ রান করাকে ইতিবাচক হিসেবে দেখছেন কোচ।
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে কাগিসো রাবাদার সাথে আনরিখ নরকিয়াও ফিরছেন। তবে নরকিয়াকে সামনে রেখে আলাদা প্রস্তুতি নেয়নি বাংলাদেশ। সব ধরনের পেসারের বিপক্ষেই প্রস্তুতি নিয়েছে দল।
সিমন্স বলেন, ‘প্রথম টেস্টে নরকিয়া খেলবে কি খেলবে না, এটা আমরা আগে থেকে জানতাম না। আমরা সব ধরনের পেসারের বিপক্ষেই প্রস্তুতি নিয়েছিলাম, সেটা দ্রুতগতির হোক কিংবা মাঝারি গতির। এবারো একইভাবে প্রস্তুতি নিচ্ছি।’
ব্যাটারদের শরীর থেকে দূরে গিয়ে শট খেলার প্রবণতা কমাতেও কাজ করছে দল। ব্যাটে লেগে স্টাম্পে বল গিয়ে বোল্ড হওয়ার ঝুঁকি এড়াতে শরীরের কাছাকাছি থেকে খেলার পরামর্শ দেয়া হচ্ছে। দ্বিতীয় টেস্টে ব্যাটিং ও বোলিংয়ের এসব জায়গায় উন্নতির পাশাপাশি উইকেট বুঝে একাদশ সাজানোই বাংলাদেশের পরিকল্পনা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









