মুশফিকের অভিজ্ঞতার ঘাটতি, বিকল্পদের দায়িত্ব নিতে বলছেন সিমন্স
ফিল সিমন্স । সংগৃহীত
ads

কুঁচকির চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। ১০৮ টেস্টের অভিজ্ঞ এই ব্যাটারের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। তবে তার জায়গায় যিনি সুযোগ পাবেন, তার ওপর আস্থা রাখতে চান হেড কোচ ফিল সিমন্স।

সেঞ্চুরিয়ানে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, মুশফিকের অভিজ্ঞতার বিকল্প পাওয়া কঠিন হলেও দলের অন্য ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। আগের দুই টেস্টে মুমিনুল হক না থাকলেও তাওহীদ হৃদয় যেভাবে দায়িত্ব সামলেছেন, সেটিই অন্যদের কাছ থেকে প্রত্যাশা করছেন তিনি।

সিমন্স বলেন, ‘১০৮ টেস্টের অভিজ্ঞতার ঘাটতি পূরণ করা সব সময়ই কঠিন। তবে আগের দুই টেস্টে আমরা দেখেছি, আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল না থাকলেও হৃদয় দায়িত্ব নিতে পেরেছে। আমরা এভাবেই বিষয়টি দেখছি। যে-ই তার জায়গায় আসবে, সে দায়িত্ব নেবে এবং আমরা তার কাছে যা চাই, তা-ই করার চেষ্টা করবে। সে কারণেই তারা দলে আছে।’

কনুইয়ের চোটে দ্বিতীয় টেস্টে নেই হাসান মাহমুদও। তার অনুপস্থিতিতে পেস বোলিং বিভাগেও বাড়তি দায়িত্ব নিতে হবে অন্যদের। সিমন্সের মতে, দলে থাকা বাকি চার পেসারের কাউকে না কাউকে হাসানের বোলিংয়ের দায়িত্ব ভাগ করে নিতে হবে।

প্রথম টেস্টে বাংলাদেশের বোলিংয়ের লাইন ও লেংথ নিয়েও অসন্তুষ্ট কোচ। প্রতিপক্ষ ব্যাটারদের অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের লাইনে আরো বেশি খেলাতে চান তিনি। তবে প্রথম ইনিংসে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর ৪০০ রান করতে পারাকে ইতিবাচক হিসেবে দেখছেন সিমন্স।

তিনি বলেন, ‘আমরা তাদের যে লাইনে বল করেছি, সেটি নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের মনে হয়েছে, আমরা প্রতিপক্ষ ব্যাটারদের যথেষ্ট খেলাতে পারিনি। এ জায়গায় উন্নতি করতে হবে।’

‘প্রথম ইনিংসে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর ৪০০ রান করতে পারা দারুণ ব্যাপার। এটি ইতিবাচক। তবে অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের লাইনে ব্যাটারদের আরো বেশি খেলাতে হবে।’