
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কিছু বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানোর জন্য বাজেট দিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো কী পরিমাণ বেকার তৈরি করছে, তার হিসাবও সরকারের কাছে থাকা প্রয়োজন। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে।
আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য শিল্পপ্রতিষ্ঠানে পাঠালেই হবে না, শিক্ষকদেরও আগে শিল্পপ্রতিষ্ঠানে যেতে হবে। সেখানকার চাহিদা সম্পর্কে জেনে গবেষণা করতে হবে। সেই গবেষণার ভিত্তিতে কারিকুলাম ও সিলেবাস তৈরি করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হলে শিল্পপ্রতিষ্ঠানগুলো কী সুবিধা পাবে, সেটিও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে হবে। শিল্পপ্রতিষ্ঠানগুলোর সাথে বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা ও উদ্ভাবনের সম্পর্ক তৈরি করতে হবে। শিল্প খাতের প্রতিনিধিদের নিজেদের সুনির্দিষ্ট প্রয়োজন ও প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের কাছে তুলে ধরতে হবে। কারিকুলাম অ্যাডভাইজরি বোর্ড, ইনোভেশন হাব, ইনকিউবেটর প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যৌথ গবেষণার বিষয়ে সরকার সহযোগিতা করতে প্রস্তুত।
বিশ্ববিদ্যালয়ের বাজেট ও গবেষণায় বরাদ্দ নিয়ে এহছানুল হক মিলন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা গবেষণার বাজেটে কোনো অভাব নেই। বরাদ্দ করা অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কিনা, সেটি নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় অর্থ দিতে প্রস্তুত থাকলেও বিশ্ববিদ্যালয়গুলো বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় করতে পারছে না। গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি তোলার আগে কত টাকা প্রয়োজন এবং কী কাজে ব্যয় হবে, তা নির্ধারণ করা জরুরি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাজেট বরাদ্দ দেয় এবং সরকার ইউজিসিকে অর্থ সরবরাহ করে। ইউজিসির ছয় সদস্যের মধ্যে চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ফলে বাজেট বরাদ্দে বঞ্চিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। অথচ বরাদ্দ ও ব্যয়ের বিষয়ে নিজেদের সমস্যাও বিশ্ববিদ্যালয়গুলো চিহ্নিত করতে পারছে না।
বেকারত্বের চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বেকারত্ব দূর করতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর পরিকল্পনা দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে আগামী পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়টি কতটা বেকারত্ব কমাতে পারবে, সেই তথ্য চেয়েছেন তিনি। কিন্তু নয় মাসেও এ বিষয়ে তথ্য পাওয়া যায়নি বলে জানান শিক্ষামন্ত্রী। তার ভাষ্য, পরিকল্পনা ও তথ্যভাণ্ডার না থাকলে শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর সিদ্ধান্ত নেয়া কঠিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









