
মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের সব আয়োজন সম্পন্ন ও অতিথি আপ্যায়ন শেষেও যৌতুকের অতিরিক্ত টাকা না পাওয়ায় বিয়ের আসরে উপস্থিত হননি বর।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কনে।
প্রবাসে পরিচয় ও বিয়ের দিন ধার্য
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, কনে ওমানে অবস্থানকালে আবাছ আলী (৪০) নামের এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। প্রবাসে থাকাকালে বিভিন্ন সময়ে আবাছ আলীকে ৩ লাখ ৫০ হাজার টাকা দেন ওই কনে। গত মাসে উভয়ে দেশে ফেরার পর দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য করা হয়।
যৌতুক দাবি ও বিয়ের আসরে অনুপস্থিতি
কনের অভিযোগ, বিয়ের আগে বরপক্ষ যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে। সেই দাবির পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর কনের বাড়িতে সাক্ষীদের উপস্থিতিতে বরপক্ষের হাতে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা তুলে দেয়া হয়।
বিয়ের দিন কনে বধূর সাজে বরের অপেক্ষায় থাকলেও নির্ধারিত সময়ে বরপক্ষের কেউ উপস্থিত হননি। আত্মীয়স্বজনের আপ্যায়নসহ বিয়ের আয়োজনে প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে বলে দাবি কনের পরিবারের। পরে বরপক্ষের সাথে যোগাযোগ করা হলে মোটরসাইকেল কেনার জন্য আরো ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করা হয়। ওই টাকা না দিলে বিয়েতে আসবে না বলে জানানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বরপক্ষ ও পুলিশের বক্তব্য
তবে যৌতুক নেয়ার অভিযোগ অস্বীকার করে বরের ভাই ইয়াসিন মিয়া বলেন, ‘আমরা কোনো যৌতুক নেইনি। ভাইয়ের পাওনা টাকা বাবদ ১ লাখ টাকা নিয়েছি।’
তিনি আরো দাবি করেন, ‘প্রবাসে থাকাকালেই কনের আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জানতেন তার ভাই। এরপরও তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। সামাজিকভাবে সমাধান না হলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









