
এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দেশই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের এশিয়া কাপের আগে বাংলাদেশে বসতে পারে তিন জাতির এই আসর।
সম্প্রতি আইসিসির বোর্ড সভায় পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড প্রধানদের সাথে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেখানেই এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেন তিনি। সিরিজের সম্ভাব্যতা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তামিম।
আরো পড়ুন : প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম, যা বলল ঢাকা
মিরপুরে আজ রোববার এই প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি একটা প্রস্তাব দিয়েছি। বেশ কয়েকদিন ধরেই আলোচনা করেছি। ঠিক এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলা যায় কি না। দুইটি বোর্ডই খুব ইতিবাচক সাড়া দিয়েছে।’
আগামী বছরের ১৮ জুন থেকে ৪ জুলাই বাংলাদেশে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ হওয়ার কথা। এর আগে এক সপ্তাহের ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। টুর্নামেন্টটি হলে তিন দলই এশিয়া কাপের প্রস্তুতির সুযোগ পাবে।
আরো পড়ুন : ‘আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে’
ত্রিদেশীয় সিরিজের আলাদা আকর্ষণের কথাও তুলে ধরেছেন বিসিবি সভাপতি। তামিম বলেন, ‘এশিয়া কাপের আগে যদি একটি ত্রিদেশীয় সিরিজ খেলা যায়, তাহলে ইন্টারেস্টিং হবে এবং আমাদের ক্রিকেটের জন্যও ভালো হবে। এই টুর্নামেন্ট খেলে এশিয়া কাপে ঢুকে যাবে। ত্রিদেশীয় সিরিজের আলাদা হাইপ আছে।’
বাংলাদেশে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ হয়েছিল ২০১৮ সালে। বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত সেই আসরের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।
২০২৭ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজ আয়োজন সম্ভব হলে প্রায় নয় বছর পর আবার বাংলাদেশে ফিরবে তিন জাতির আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









