
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সংস্থাটি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।
এনসিটিবির সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।
দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক বা স্বত্বাধিকারীদের এই নির্দেশনা দেয়া হয়েছে। গত ১৯ নভেম্বর স্বাক্ষরিত এই চিঠি আজ রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তরের (ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল) শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।
এতে আরো বলা হয়, এই কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করা এবং জাতীয় দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
এ লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির সর্বপ্রকার নোট ও গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ থাকবে। এজন্য সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক বা স্বত্বাধিকারীকে এ নির্দেশনা পালনের অনুরোধ জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









