
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফ্যাসিস্ট, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘যিনি ক্ষমতা টিকিয়ে রাখতে ২৪-এর গণআন্দোলনে নিষ্পাপ অবুঝ শিশুসহ নির্বিচারে অন্তত ১৪০০ মানুষকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছিলেন, তিনি নিজেও জানেন তিনি আর কখনো বাংলাদেশের মাটিতে ফিরতে পারবেন না। তাই ক্ষমতা হারানোর আড়াই বছর পরেও কোনো অনুশোচনা না করে আবারো ক্ষমতা লাভের দুরাশায় জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে হত্যার রাজনীতি শুরু করেছেন।’
রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলা অডিটরিয়ামে আয়োজিত ‘কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, ‘নির্বাচনের আগে কথা দিয়েছিলাম, কলমাকান্দা-দুর্গাপুরকে ইনসাফের মাধ্যমে পরিচালনা করব। সেই কথা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতেও কাজ করে যাব। অবহেলিত এই এলাকার উন্নয়নে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাব।’
তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক, সামাজিক মর্যাদা ও ন্যায় বিচার। কিন্তু ক্ষমতায় গিয়ে ওই দলটি গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা ২০১৪, ২০১৮ ও ২০২৪-এ ভোটারবিহীন একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন।’
তিনি আরো বলেন, ‘কিন্তু তিনি ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দলবল নিয়ে পালাতে বাধ্য হয়েছিলেন। আর সেই তিনি এই দেশের মাটিতে ফিরে আসবে বলে ঘোষণা দিয়েছেন, যা হাস্যকর। তিনি আর কখনো এই দেশের মাটিতে ফিরে আসতে পারবেন না। দেশের মানুষ এখনো সেই দুঃসাশন ও হত্যাযজ্ঞের কথা ভুলে যাননি।’
উপজেলা বিএনপির প্রবীণ নেতা এম এ খায়েরের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলটসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









