
তাওহীদ হৃদয়ের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে সিলেট টেস্টে লড়াইয়ের ভিত গড়েছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ দিন শেষে সেই লড়াইয়ের নিয়ন্ত্রণ অনেকটাই ওয়েস্ট ইন্ডিজের হাতে। কাভেম হজের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় পুঁজি গড়েছে সফরকারীরা।
দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৪৫ রান, লিড ৩১৫। হাতে এখনো ৭ উইকেট।হজের ব্যাটে রান আসছে অবলীলায়। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়া এই ব্যাটসম্যান ১৮৯ বলে ১৭ চার ও এক ছক্কায় ১৪০ রানে অপরাজিত।
অন্য প্রান্তে ৪৯ বলে ২০ রান নিয়ে ব্যাট করছেন আমির জাঙ্গু। চতুর্থ উইকেটে দুইজনের অবিচ্ছিন্ন জুটিতে ইতোমধ্যে যোগ হয়েছে ৬১ রান। ফলে পঞ্চম দিনে ইনিংস ঘোষণা করার আগে লিড আরো বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে ওয়েস্ট ইন্ডিজের সামনে।
এই প্রসঙ্গে অপরাজিত সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে চালকের আসনে বসানো হজ বলেন, ‘উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য ভালো। পঞ্চম দিনে কত দূর এগোতে হবে, সে সিদ্ধান্ত নেয়ার আগে পরিস্থিতি মূল্যায়ন করবে দল।’
সাংবাদিকদের বলেন, ‘উইকেট বেশ ভালো। আগামীকাল (আজ) আমরা পরিস্থিতি দেখবো, এই উইকেটে কোন স্কোরটি ভালো হবে, কত রান করা উচিত এবং কী গতিতে ব্যাটিং করা দরকার। তবে আপাতত আমরা শুধু লিড বাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি।’
তাতে বাংলাদেশের শেষ ইনিংসের চ্যালেঞ্জও ক্রমেই কঠিন হচ্ছে। জয়ের জন্য যে লক্ষ্যই আসুক, সেটি পেরোতে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ভাঙতে হতে পারে স্বাগতিকদের।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫ রান। ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই কিংস্টনে সেই জয় পেয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত টেস্টে ২০০ বা তার বেশি রান তাড়া করে বাংলাদেশের সেটিই একমাত্র জয়।
সিলেটে এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। তবে শুধু বড় লক্ষ্য তাড়া করাই নয়, ম্যাচের ফল নিয়ে সিদ্ধান্ত নেয়াটাও গুরুত্বপূর্ণ। কারণ, এই টেস্ট ড্র হলেও সিরিজ জিতে নেবে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজে সমতা ফেরাতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। আর সেই জয় পেতে বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ঝুঁকি নিতে হবে স্বাগতিকদের, যে ঝুঁকিতে হারের আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না।
তবে এখনো আশাবাদী বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে হৃদয় জানান, ম্যাচের ফলাফল অনেকাংশেই নির্ভর করছে বাংলাদেশ কিভাবে তাদের লক্ষ্য তাড়া শুরু করে তার ওপর। তিনি বলেন, ‘এটা নির্ভর করবে আমরা কিভাবে শুরু করি তার ওপর।’
তিনি আরো বলেন, ‘পিচ এখনো ব্যাটিংয়ের জন্য ভালো। এটা লাল বলের খেলা। আমার মনে হয়, আমরা যদি ভালো শুরু করতে পারি তবে লক্ষ্য তাড়া করা সম্ভব। আগামীকাল (আজ) কী হবে তা আমরা বলতে পারি না।’
হৃদয় আরো জানান ‘প্রথমে আমাদের দেখতে হবে তারা কী লক্ষ্য দেয়, এবং তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। পিচ এখনো ব্যাটিং-বান্ধব। আগামীকাল অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিন হবে এবং শুরুটা হবে নির্ণায়ক। আমরা যদি ভালো শুরু করি, আমার মনে হয় ৩৫০ রান তাড়া করা সম্ভব।’
তবে ওয়েস্ট ইন্ডিজও হুমকি দিয়ে রেখেছে প্রচ্ছন্নভাবে। হজ বলেন, ‘আমার মনে হয়, স্পিনই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগামীকাল (আজ) আমাদের পেসার, স্পিনার সবারই নিজ নিজ ভূমিকা পালনের সুযোগ থাকছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








