দক্ষিণ আফ্রিকা, সাদমান ইসলাম
ফিল্ডিংয়ের সময় চোট পান সাদমান ইসলাম। ইন্টারনেট

এবার দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেলেন সাদমান ইসলাম। গোড়ালির গুরুতর চোটে আগামী টেস্ট সিরিজে খেলা হচ্ছে না বাঁহাতি এই ওপেনারের। তার জায়গায় প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের।

Advertisement

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের বরাতে টি স্পোর্টস জানিয়েছে, সাদমানের গোড়ালির লিগামেন্টে চিড় ধরেছে। এমনকি হাড়ে ফ্র্যাকচারের শঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এ কারণে দক্ষিণ আফ্রিকা সফরে তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচক প্যানেলের এক সদস্য।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় চোট পান সাদমান। চোটের তীব্রতায় এই টেস্টের বাকি অংশে আর ব্যাট করতে পারবেন না তিনি। ফলে দ্বিতীয় ইনিংসে একজন ব্যাটার কম নিয়েই খেলতে হচ্ছে বাংলাদেশকে।

Advertisement

সাদমানের অনুপস্থিতিতে টেস্ট দলে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে রবিন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন এই ওপেনার। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতিতে থাকা টেস্ট দলের সাথেই সিলেটে অবস্থান করছেন তিনি। জাতীয় দলের কোচিং স্টাফদের অধীনে নেটে অনুশীলনও করছেন।

দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশের। ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে দ্বিতীয় টেস্ট।