
ভারতের ডানহাতি পেসার মোহাম্মদ শামি শুক্রবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে ১৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। ২০১৩ সালের ৬ নভেম্বর শুরু হয়েছিল তার টেস্ট যাত্রা, একই তারিখে এসে শেষও হলো।
ভারতের হয়ে সর্বশেষ লাল বলের ক্রিকেটে খেলেছিলেন ২০২১-২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্যারিয়ারে মোট ৬৪টি টেস্ট খেলেছেন ৩৬ বছর বয়সী এই পেসার। ২৭.৭১ গড়ে শিকার করেছেন ২২৯ উইকেট।
২০১৩ সালের ৬ নভেম্বর কোলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল শামির। অভিষেকের বার্ষিকীতেই নিজের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে অবসরের ঘোষণা দেন তিনি।
ভিডিও বার্তায় টেস্ট ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের কথা স্মরণ করেন এই ডানহাতি পেসার। ১৩ বছরের যাত্রায় পাশে থাকার জন্য কোচ, ট্রেনার ও ফিজিওদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে ধন্যবাদ জানান ভক্তদের, যারা তার নামকে জনপ্রিয় করে তুলতে অনুপ্রেরণা জুগিয়েছেন।
টেস্ট ক্যারিয়ারের ১৩ বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে শামি বলেন, ‘এই ১৩ বছরের যাত্রায় এই ক্যাপ, এই বলই আমাকে মোহাম্মদ শামি বানিয়েছে। অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি পড়ে গেছি, আঘাত পেয়েছি, চোটে পড়েছি। কিন্তু আবারও উঠে দাঁড়িয়েছি।’
তিনি বলেন, ‘১৩ বছরের এই যাত্রা খুব ভালো ছিল। আমার কোচ, ট্রেনার, ফিজিও, এডিটিং টিম এবং যারা সামান্য হলেও অবদান রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
তিনি আরো বলেন, ‘বিশেষ করে ভক্তদের। ক্রিকেটপ্রেমীরা আমার নামকে যে পরিচিতি দিয়েছেন, এই নামকে এগিয়ে নিতে যে অনুপ্রেরণা জুগিয়েছেন, তা সবসময় মনে থাকবে। আপনাদের সবাইকে, বিশেষ করে যেসব ভক্ত ক্রিকেটকে এতো ভালোবেসে আমার নামকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন, তাদের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা।’
‘৬ নভেম্বর আমি এই টেস্ট ক্যাপ পেয়েছিলাম, আর আজও ৬ নভেম্বর। তাই আজ এখানেই ১৩ বছরের এই যাত্রার ইতি টানতে চাই। আজই আমার অভিষেক হয়েছিল, আর আজই অবসর নিচ্ছি’, বলে অবসরের ঘোষণা দেন তিনি।
২০২৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর থেকে কোনো ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি শামি। তবে তিনি স্পষ্ট করেছেন, আইপিএল ও ঘরোয়া টুর্নামেন্টসহ সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন।
শামি বলেন, ‘আমি এটি ছেড়ে দিচ্ছি, তবে সাদা বলের ক্রিকেট খেলব। সেটি আইপিএল হোক কিংবা ঘরোয়া ক্রিকেট। ফিটনেসের প্রয়োজনে কয়েক দিনের ক্রিকেটও খেলতে থাকব। তবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি। এখন পর্যন্ত এটাই ছিল আমার যাত্রা। আজই শুরু করেছিলাম, আজই শেষ করছি।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








