ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সাদমান ইসলাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সাদমান ইসলাম। সংগৃহীত

সাদমান ইসলামের চোট কতটা গুরুতর, তা জানতে অপেক্ষা করতে হবে স্ক্যানের রিপোর্ট পর্যন্ত। তবে আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিলেট টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে পারছেন না তিনি।

Advertisement

শুধু চলতি টেস্ট নয়, এক সপ্তাহ পর শুরু হতে যাওয়া বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরেও তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ফলে বড় একটা সময় জাতীয় দলের বাইরে থাকতে হতে পারে দারুণ ছন্দে থাকা এই ব্যাটারকে।

শুক্রবার (৬ নভেম্বর) সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান সাদমান।

Advertisement

মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলে লেগ সাইডে ফ্লিক করেন আমির জাঙ্গু। সীমানার দিকে ছুটে যাওয়া বল আটকাতে পিছু নেন সাদমান। বাউন্ডারির কাছে নিচু হয়ে বল থামানোর চেষ্টা করতেই মাটিতে আটকে যায় তার বাঁ পায়ের গোড়ালি। সাথে সাথেই তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ফিজিও মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। পরে ড্রেসিংরুমে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর নেয়া হয় হাসপাতালে। পায়ে ব্যথা ও ফুলে যাওয়ায় স্বাভাবিকভাবে হাঁটতেও পারছিলেন না এই ওপেনার।

বিসিবির বিজ্ঞপ্তিতে দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, সাদমানের স্ক্যান করানো হয়েছে। আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে। এরপরই জানা যাবে চোটের ধরন ও সেরে উঠতে কত দিন লাগতে পারে। আপাতত প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই তিনি।

দিন শেষে সংবাদ সম্মেলনে সাদমানের অবস্থা নিয়ে কিছুটা আশার কথা শুনিয়েছেন হাসান মাহমুদ। তিনি বলেন, ‘সাদমান ভাই এখন বিপদমুক্ত। ঠিক আছেন এখন। সামনে আরেকটু দেখবে হয়তো। কী অবস্থা, কতদিন লাগবে (মাঠে ফিরতে) এগুলো ফিজিও জানাবেন।’

সাদমানের অনুপস্থিতি বাংলাদেশের ব্যাটিংয়েও বড় প্রভাব ফেলতে পারে। মিরপুরে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের দারুণ ইনিংস খেলেছিলেন তিনি। 

দক্ষিণ আফ্রিকা সফরের আগে এই চোট তাই বাংলাদেশের জন্য নতুন দুশ্চিন্তা। সফরের শুরুতে দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ। স্ক্যানের রিপোর্টে চোট গুরুতর কিছু ধরা পড়লে সেই সফরেও অনিশ্চিত হয়ে পড়তে পারেন দলের এই ওপেনার।