
টেস্ট ক্যারিয়ারের বয়স আড়াই বছরও হয়নি। এর মাঝেই বাংলাদেশের পেস বোলিং ইতিহাসে নিজের নামটা সবার ওপরে তুলে আনলেন হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ছাড়িয়ে গেলেন শাহাদাত হোসেনকে।
বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেয়া পেসার এখন হাসান মাহমুদ। মাত্র ১২ টেস্টেই পাঁচবার ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নিয়েছেন হাসান। অন্যদিকে শাহাদাতের ৩৮ টেস্টের ক্যারিয়ারে এই কীর্তি ছিল চারবার।
অর্থাৎ শাহাদাতের চেয়ে অর্ধেকেরও কম ম্যাচ খেলেই পূর্বসূরিকে ছাড়িয়ে গেছেন হাসান মাহমুদ। পাঁচ উইকেট নেয়ার সংখ্যায় তার পেছনে আছেন শাহাদাত (৪), নাহিদ রানা (২) ও রবিউল ইসলাম (২)। বাংলাদেশের আর কোনো পেসার একাধিকবার এই কীর্তি গড়তে পারেনি।
শুক্রবার (৬ নভেম্বর) সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালে রেকর্ডটি নিজের করে নেন হাসান মাহমুদ। প্রথম দিন দু’টি উইকেট নেয়ার পর সকালে আরো তিনটি তুলে নিয়ে পূর্ণ করেন পঞ্চম পাঁচ উইকেট। পরে আরো একটি উইকেট নিয়ে ইনিংসে দ্বিতীয়বারের মতো ছয় উইকেট পাওয়ার কীর্তিও গড়েন তিনি।
বাংলাদেশের আর কোনো পেসার টেস্টে একাধিকবার ইনিংসে ছয় উইকেট নিতে পারেননি। হাসানের কীর্তির আরেকটি বিশেষ দিক আছে। তার পাঁচটি পাঁচ উইকেটই এসেছে পাঁচটি ভিন্ন দেশে। তবে দেশের মাটিতে এবারই প্রথম পেলেন পাঁচ উইকেট।
এর আগে ২০২৪ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথমবার এই কীর্তি গড়েন তিনি। পরের টেস্টেই ভারতের চেন্নাইয়ে পান দ্বিতীয়বার। এরপর অস্ট্রেলিয়ার ডারউইন, গত মাসে সংযুক্ত আরব আমিরাতে ও এবার বাংলাদেশের সিলেট।
আড়াই বছরের টেস্ট ক্যারিয়ারেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন হাসান মাহমুদ। সিলেটে ছয় উইকেট নিয়ে বাংলাদেশের পেস বোলিংয়ের ইতিহাসে নিজের অবস্থান আরো দৃঢ় করলেন তিনি। দেখা যাক ক্যারিয়ার শেষে কোথায় গিয়ে থামে তার উইকেট সংখ্যা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








