খেলার মাঠে হাসান মাহমুদ
খেলার মাঠে হাসান মাহমুদ। সংগৃহীত ছবি

শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহের পথে হাঁটছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ফলে শেষ পর্যন্ত ৩৫৬ রানে থামে ক্যারিবীয়দের প্রথম ইনিংস। একাই ছয় উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

Advertisement

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন ২৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর আমির জাঙ্গু ও কেভিন উইকহামের ১৩১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। প্রথম দিন শেষে চার উইকেটে ২৩৫ রান নিয়ে মাঠ ছাড়ে তারা। 

জাঙ্গু অপরাজিত ছিলেন ১১১ ও জাস্টিন গ্রিভস ৩৫ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিন শুরু করেন। তবে নতুন দিনেও ব্যাট হাতে প্রতিরোধ গড়েন জাঙ্গু। অবশেষে ১৩৩ রানে তাকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান।

Advertisement

এরপর ক্যারিবীয়দের বাকি ব্যাটসম্যানদেরও বেশিক্ষণ টিকতে দেননি বাংলাদেশের বোলাররা। উইকহাম করেন ৬১ রান, গ্রিভস আউট হন ৫১ রানে। হাসানের ছয় উইকেটের পাশাপাশি তাসকিন আহমেদ নেন দুই উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান।

টেস্টে এটি হাসানের পঞ্চমবারের মতো পাঁচ বা এর বেশি উইকেট নেয়ার কীর্তি। বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে পাঁচ উইকেট নেয়ার হিসাবে তিনিই এখন এগিয়ে। ঘরের মাঠে টেস্টে এটি তার প্রথম পাঁচ উইকেট।

এদিকে, ফিল্ডিংয়ের সময় বাম পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয়। পরে এমআরআই করানোর সিদ্ধান্ত হয়। 

বাংলাদেশের ইনিংসে তানজিদ হাসানের সাথে কে ওপেন করবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমতাবস্থায় স্পিনার নাঈম হাসানকে পাঠানো হয়েছে তামিমের সাথে।