মোহাম্মদ আশরাফুল, এশিয়া কাপ
মোহাম্মদ আশরাফুল। ইন্টারনেট

জাতীয় দলের কোচিং স্টাফ থেকে সরে যাওয়ার পর এবার নতুন দায়িত্বে মোহাম্মদ আশরাফুল। এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন সাবেক এই অধিনায়ক। নতুন ভূমিকায় নিজের সেরাটা দেয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।

Advertisement

আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে আট দলের এই টুর্নামেন্ট। আসর সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশের অনুশীলন। প্রধান কোচ সোহেল ইসলামের নেতৃত্বে ক্যাম্পে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন আশরাফুল।

নতুন দায়িত্ব নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে আশরাফুল বলেন, ‘নিজের সেরাটা দিতে চাই। বিসিবি দায়িত্ব দিয়েছে, নিজের কাজটা করতে হবে তো।’

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, রাইজিং স্টার্সে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা রয়েছে তাদের। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে দল সাজানো হবে। ফলে এই টুর্নামেন্ট তরুণ ও জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিজেদের প্রমাণেরও বড় সুযোগ হয়ে উঠতে পারে।

৫০ ওভারের এই টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের সাথে একই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। ‘বি’ গ্রুপে খেলবে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

১৯ নভেম্বর প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২১ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ও ২৩ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা। ২৬ ও ২৭ নভেম্বর দু’টি সেমিফাইনাল এবং ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলের সাথে আশরাফুলের নতুন দায়িত্বটিও তাই গুরুত্বপূর্ণ। ব্যাটারদের প্রস্তুতি ও পারফরম্যান্সে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সাফল্য এনে দেয়াই এখন তার লক্ষ্য।