
অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ারের ইতি টানলেন গ্লেন ম্যাক্সওয়েল। সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের জার্সিটা এবার তোলে রাখারা। ৩৮ বছর বয়সে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার।
একইসাথে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। তবে এখনই ব্যাট-প্যাড তুলে রাখছেন না, তার ব্যাটিং উপভোগ করার একটা সুযোগ থাকছে। বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলা চালিয়ে যাবেন ম্যাক্সওয়েল।
গত বছর জুনে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছিলেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক টি-টোয়েন্টির দরজা খোলা রেখেছিলেন। সেই সুবাদে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। তবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তার দল।
ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকে দেশের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচে বল হাতে দুইটি উইকেট নিলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। আর এবার নিজের থেমে যাওয়ার ঘোষণা দিলেন ম্যাক্সি।
মঙ্গলবার প্রকাশিত দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে নিজের অবসরের ঘোষণা দেন ম্যাক্সওয়েল। তিনি জানান বিশ্বকাপের আগে ও পরে তার ভবিষ্যৎ নিয়ে অস্ট্রেলিয়া দলের সাথে একাধিকবার আলোচনা হয়েছিল।
তবে নিজের ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিদায়ী ম্যাচ খেলার ক্ষীণ আশা ছিল ম্যাক্সওয়েলের। তবে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা মেনে নিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ১৩০ টি-টোয়েন্টিতে ২৮৯৭ রান ও ৫১ উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল। পাঁচটি সেঞ্চুরি করে এই ফরম্যাটে রোহিত শর্মার সাথে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড তার।
টেস্টে ৭ ম্যাচে ৩৩৯ রান ও ৮ উইকেট পেয়েছেন। ওয়ানডেতে ১৪৯ ম্যাচে তার সংগ্রহ ৩৯৯০ রান ও ৭৭ উইকেট। ওয়ানডেতে অপরাজিত ২০১ রান তার সেরা ইনিংস।
দুইবারের ওয়ানডে বিশ্বকাপজয়ী (২০১৫ ও ২০২৩) ম্যাক্সওয়েল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার শিরোপাজয়ী দলেরও সদস্য ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








