
ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে ইতিহাসের জন্ম দিলো আইসিসির সহযোগী দেশ নামিবিয়া।
পঞ্চম ও শেষ ওয়ানডেতে আইসিসির পূর্ণ সদস্য আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে নামিবিয়া। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতলো নামিবিয়া। দ্বিতীয় ওয়ানডে সিরিজেই জয়ের দেখা পেল নামিবিয়া।
প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের কাছে ৫৫ রানে হারে নামিবিয়া। পরের ম্যাচ ৩১ রানে জিতে সিরিজে সমতা ফেরায় নামিবিয়া। আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে সেটিই নামিবিয়ার প্রথম জয় ছিল। তৃতীয় ম্যাচ ৬৩ রানে জিতে ২-১ ব্যবধানে লিড নেয় নামিবিয়া। তবে চতুর্থ ম্যাচ ১৩০ রানে জিতে সিরিজে ২-২ সমতা ফেরায় আয়ারল্যান্ড।
উইন্ডহুকে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নামিবিয়ার বোলারদের তোপে ৩৩.১ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জর্ডান নিল। নামিবিয়ার জেজে স্মুথ ৪টি ও জ্যাক ব্রাসেল ৩টি উইকেট নেন।
জবাবে ২১.২ ওভার ব্যাট করে জয় তুলে নেয় নামিবিয়া। ওপেনার লরেন স্টিসকাম্প ৪৬ ও অধিনায়ক জেরহার্ড ইরাসমুস ১৮ বলে ৩০ রান করেন।
২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্মুথ এবং ২৬৪ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হন ইরামুস।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সাথে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের আয়োজক নামিবিয়া। স্বাগতিক দেশ হওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। কিন্তু নামিবিয়া সরাসরি খেলতে পারবে না। আইসিসির সহযোগী দেশ হওয়ায় বিশ্বকাপ বাছাইয়ে খেলতে হবে নামিবিয়াকে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








