
টেস্ট বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।
মঙ্গলবার আবু ধাবিতে শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিক করেন হাসান। প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৫ ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নেন তিনি।
বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার কীর্তি গড়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় সাত ধাপ এগিয়ে ৩৮তম স্থানে জায়গা করে নিয়েছেন হাসান। টেস্টে এটিই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। তার রেটিং পয়েন্ট ৫১০। এর আগে গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেট নিয়ে ৩৮তম স্থানে উঠেছিলেন হাসান।
আজ বুধবার র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ৭ উইকেট শিকার করেন বাংলাদেশের আরেক পেসার এবাদত হোসেন। ১১ ধাপ এগিয়ে ৬৭তম স্থানে উঠেছেন তিনি।
বল হাতে আফগানাদের বিপক্ষে ৪ উইকেট নেন বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ। এতে এক ধাপ উন্নতি হয়েছে তার। ২২তম স্থানে উঠেছেন তিনি।
বাংলাদেশ বোলারদের মধ্যে সবার উপরে আছেন স্পিনার তাইজুল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে মাত্র ১ উইকেট নেন তিনি। তাই তিন ধাপ পিছিয়ে ১৮তম স্থানে নেমে গেছেন তাইজুল।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন তিনি। তিন ধাপ এগিয়ে ভারতের লোকেশ রাহুলের সাথে যৌথভাবে ২৯তম স্থানে আছেন লিটন।
টেস্টের প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ হাসান। ১০ ধাপ এগিয়ে ৯২তম স্থানে উঠেছেন তানজিদ। তবে তিন ধাপ অবনতি হয়েছে সাদমানের। ৬৭তম স্থানে নেমে গেছেন তিনি।
এক ধাপ করে পিছিয়ে মুশফিকুর রহিম ১৮তম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২১তম স্থানে আছেন। ব্যাটারদের তালিকায় বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন মুশফিক।
ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক, বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং অলরাউন্ডার হিসেবে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








