ভারত, ওয়েস্ট ইন্ডিজ
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যরা। ফাইল ছবি

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে টিকিট কালোবাজারির অভিযোগে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কর্মকর্তাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) সংবাদ প্রতিদিন জানায়, বিনামূল্যে পাওয়া কমপ্লিমেন্টারি টিকিট চড়া দামে বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কর্মকর্তা সতীশচন্দ্র শ্রীবাস্তব, তার ছেলে আকর্ষিত শ্রীবাস্তব এবং অবিনাশ দারক ও মোহিত সোমানি।

পুলিশ জানিয়েছে, গত ১২ অক্টোবর বেগম বাজারের এসডি মলের সামনে টিকিটের কালোবাজারি চলছে বলে খবর আসে। এরপর সাব-ইনস্পেক্টর জনার্দন নাইকের নেতৃত্বে পুলিশ রাত ৯টার দিকে অভিযান চালিয়ে অবিনাশ দারক ও মোহিত সোমানিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ক্রিকেট ম্যাচের পাস, নবরাত্রির ডান্ডিয়া অনুষ্ঠানের পাস, নগদ ৫ হাজার টাকা, মোবাইল ফোন এবং একটি দু’চাকার গাড়ি জব্দ করা হয়।

পুলিশের দাবি, জেরায় দারক ও সোমানি জানিয়েছেন, আকর্ষিত তাদের ওই টিকিট বিক্রির জন্য দিয়েছিলেন। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করে ৩৫০০ থেকে ৬০০০ টাকা দরে টিকিট বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ। 

তদন্তকারীদের দাবি, আকর্ষিত তার বাবা সতীশের কাছ থেকে টিকিটগুলো পেয়েছিলেন। সতীশ হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কর্মকর্তা।

পুলিশের তদন্তে নয়টি কমপ্লিমেন্টারি টিকিট বিক্রির তথ্য উঠে এসেছে। এর বাইরে আরো টিকিট কালোবাজারির মাধ্যমে বিক্রি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

এই ঘটনায় চারজনকেই গ্রেফতার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ম্যাচের আগে টিকিটের কালোবাজারি রুখতে সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ। 

স্বীকৃত সংস্থার কাছ থেকেই টিকিট কেনার পরামর্শ দেয়া হয়েছে। কোথাও টিকিটের বেআইনি কেনাবেচা নজরে এলে পুলিশকে খবর দেয়ারও আবেদন জানানো হয়েছে।