
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নেন বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি বিশ্ব সেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে হওয়ায়, অনেক খুশি তিনি।
অস্ট্রেলিয়া থেকে ফোনে আলাপকালে সোবহানা জানান, ৩৫ ওয়ানডে ও ৭২ টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে হওয়ায়, এটি আমরা জন্য অন্যরকম আনন্দ।
ব্রিজবেনে দ্বিতীয় ওয়ানডেতে ৮ রানে ৩ উইকেট পতনের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাথে ২৪৩ বলে ১৯৫ রানের জুটি গড়েন সোবহানা। এই জুটিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১৩৪ বলে ১৮টি চারে ১১৮ রানের ইনিংস খেলেন তিনি।
নিজের ইনিংস নিয়ে সোবহানা বলেন, ‘ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি অস্ট্রেলিয়া বিপক্ষে হয়েছে, এটা আসলে অন্যরকম আনন্দ। তাদের বিপক্ষে ১০০ রান করে খুবই ভালো লাগছে। অস্ট্রেলিয়ার যে বোলিং অ্যাটাক, তাতে আমরা অনেক পরিশ্রম করেছি। আমি আর জ্যোতি আপু দলের জন্য ভালো একটা স্কোর দাঁড় করাতে পেরেছি। এটাও আমাদের জন্য ইতিবাচক।’
প্রথম ওয়ানডে সেঞ্চুরিতেই বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন সোবহানা। ভবিষ্যতে আরো ভালো করার লক্ষ্য তার, ‘খেলার সময় চিন্তা করিনি, কত রান হবে। যখন আমাদের ইনিংস শেষ হলো, তখন দেখলাম এটাই সর্বোচ্চ রান। আমার মনে হয়, ব্যাটার হিসেবে আরো ভালো কিছু করার প্রয়োজন আছে।’
ক্রিজে ব্যাট করার সময় জ্যোতির সাপোর্ট অনেক বেশি ছিল বলে জানান সোবহানা। তিনি বলেন, ‘জ্যোতি আপু আমাকে বারবার ফোকাস থাকার কথা বলেছিলেন। আমি যখন ৮৫ রানে ছিলাম, তিনি আমাকে ফোকাস বাড়ানোর পরামর্শ দেন। নিজের ওপর বিশ্বাস রাখতে বলেছিলেন। ওই সময় তার সাপোর্ট অনেক বেশি ছিল। তার মত অভিজ্ঞ কেউ না থাকলে, ফোকাস হারিয়ে ফেলার সম্ভাবনা ছিল। আপু থাকাতে ১০০ করতে আমার সুবিধা হয়েছে।’
তিনি বলেন, ‘সেঞ্চুরি করার পর আমাকে নিয়ে কোচ-সতীর্থরা সবাই খুব খুশি ছিল। আমি যখন ৯৯ রানে ছিলাম, তখন কোচ ও অন্যানরা আমাকে সাহস দিয়েছে।’
আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচে আরো ভালো পারফরমেন্স করার কথা জানালেন সোবহানা, ‘আগের ম্যাচের চেয়ে আমরা অবশ্যই আরো বেশি ভালো করার চেষ্টা করব। বাটিং ইউনিটে আমাদের লক্ষ্য ২২১ পর্যন্ত থাকবে না। আড়াইশ’র বেশি বা তিন শ’ যদি করতে পারি ও পাশাপাশি বোলিং ভালো লাইনে করতে পারি বিশ্ব সেরা দলের বিপক্ষে, তাহলে ভবিষ্যতে অন্য দলের বিপক্ষে এই অভিজ্ঞতা কাজে আসবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








