বাংলাদেশের ৩৪৬ রানের জবাব দিচ্ছে আফগানিস্তান
বাংলাদেশের ৩৪৬ রানের জবাব দিচ্ছে আফগানিস্তান। সংগৃহীত

সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান করেছে আফগানিস্তান। ৬ উইকেট হাতে নিয়ে ১৩৫ রানে পিছিয়ে আফগানরা। 

Advertisement

আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৭ রান করেছিল বাংলাদেশ। নাইম হাসান ১১ ও তাইজুল ইসলাম ৪ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় দিন নাইমের দৃঢ়তায় বাকি ২ উইকেটে ২৯ রান যোগ করে বাংলাদেশ। এতে ৯২.৩ ওভারে ৩৪৬ রানে অলআউট হয় টাইগাররা। 

তাইজুল ৯ রানে থামলেও, ৩৫ রানে অপরাজিত থাকেন নাইম। শেষ ব্যাটার হিসেবে খালি হাতে আউট হন এবাদত হোসেন। 

বল হাতে আফগানিস্তানের মোহাম্মদ সেলিম ৮২ রানে ৪টি এবং ইয়ামিন আহমাদজাই ৭৯ রানে ৩ উইকেট নেন।

নিজেদের ইনিংস শুরু করে ৩০ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ৩ চারে ১৭ রান করে বাংলাদেশ পেসার হাসান মাহমুদের বলে স্লিপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফিরেন আফগান ওপেনার সেদিকুল্লাহ আতাল। 

দ্বিতীয় উইকেটে শহিদুল্লাহকে নিয়ে ৩৪ রান যোগ করেন আরেক ওপেনার আব্দুল মালিক। ২০ রান করা শহিদুল্লাহকে শিকার করে এই জুটি ভাঙ্গেন বাংলাদেশ পেসার এবাদত হোসেন। ডিপ ফাইন লেগে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন হাসান।

৬৪ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন মালিক ও অধিনায়ক রহমত শাহ। দলের রান ১৩৪’এ নেন তারা। এরপর ৫ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। 

মালিক ও রহমতের এই জুটিতে ভাঙ্গন ধরান এবাদত। টেস্ট ক্যারিয়ারে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দেন মালিক। ৪ চার ও ১ ছক্কায় ১২০ বলে ৬২ রান করেন তিনি। 

মালিকের বিদায়ে ক্রিজে আসেন হাসমতুল্লাহ শাহিদি। রানের খাতা খোলার আগেই মিরাজের বলে স্ট্যাম্প আউট হন তিনি। ১৩৯ রানে চতুর্থ উইকেট পতন হয় আফগানদের। 

পঞ্চম উইকেটে ১৯৪ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে আফগানিস্তানকে ভালো অবস্থায় রেখে দিনের খেলা শেষ করেন রহমত ও উইকেটরক্ষক ইকরাম আলিখিল। 

টেস্টে সপ্তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেওয়া রহমত ৮৪ রানে অপরাজিত থাকেন। তার ১৮৬ বলের ইনিংসে আটটি চার ও একটি ছক্কা ছিল। অন্যপ্রান্তে ২৬ রানে অপরাজিত আছেন আলিখিল। 

এবাদত ৫০ রানে ২ উইকেট, হাসান ও মিরাজ একটি করে শিকার করেছেন। 

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে) :

বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৪৬/১০, ৯২.৩ ওভার (তানজিদ ৮৩, সাদমান ৬৭, লিটন ৫৩, মোমিনুল ৩৯, নাইম ৩৫*, শান্ত ২৯, মিরাজ ২৪, সেলিম ৪/৮২, আহমাদজাই ৩/৭৯)। 

আফগানিস্তান প্রথম ইনিংস : ২১১/৪, ৭৯ ওভার (রহমত ৮৪*, মালিক ৬২, এবাদত ২/৫০)। বাসস