জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
ads

রাজধানীর লালবাগে একটি রেস্টুরেন্টে গ্যাস লাইনের কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণে আগুনে ছয় কর্মচারী দগ্ধ হয়েছেন। 

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালবাগের ‘কাচ্চি খানাস’ নামক রেস্টুরেন্টে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চিকিৎসাধীন রাখেন।

দগ্ধরা হলেন- পলাশ (৪২), নয়ন (২৬), রবিন (২৪), নয়ন (২৪), নিরব (২৫) ও জনি (১৮)। এদের মধ্যে পলাশ ছাড়া সবাই ওই রেস্টুরেন্টের কর্মচারী।

দগ্ধ নয়ন শিকদার নিজেই জানান, রাত  সাড়ে ৮টার দিকে আমাদের রেস্টুরেন্টে গ্যাস লাইনের কাজ করছিলেন মিস্ত্রি পলাশ। কাজ চলাকালীন গ্যাস লাইনের চাবিটি খোলা রেখেছিলেন, যার কারণে পুরো ঘরে গ্যাস জমে যায়। পরে কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি লাইন চেক করার জন্য আগুন জ্বালানো জন্য ফায়ার করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চারদিকে আগুন ধরে যায়। এতে মিস্ত্রি পলাশসহ আমরা পাঁচজন কর্মচারী দগ্ধ হই। পরে সহকর্মীরা আমাদের উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসেন। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: সুলতান মাহমুদ শিকদার জানান, লালবাগ কাচ্চি খানাস রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এখানে ছয়জন এসেছে, তাদের মধ্যে নয়ন মোল্লার শরীরে ১২ শতাংশ দগ্ধ, পলাশের ২৬ শতাংশ দগ্ধ, জনির ৫ শতাংশ দগ্ধ, রবিনের শরীরে ৩ শতাংশ দগ্ধ, নয়ন শিকদারের শরীরে ৫ শতাংশ দগ্ধ ও নিরবের (এপিডার্মাল বার্ন) (ত্বকের উপরিভাগের দগ্ধতা)। 

দগ্ধ ছয়জনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি পাঁচজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি।