
মৌসুমের শেষ ম্যাচেও বল হাতে দারুণ সময় কাটালেন খালেদ আহমেদ। কাউন্টি ক্রিকেটে ডিভিশন টু-র শেষ রাউন্ডের ম্যাচে ফের আলো কাড়লেন তিনি। গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে মাত্র ৩৭ রানে নিয়েছেন ৩ উইকেট।
তার বোলিংয়ের দাপটে ২২৯ রানেই গুটিয়ে গেছে গ্লুচেস্টারশায়ারে। এছাড়া ৫৫ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন মিলনেস। ব্যাট হাতে জেমস ব্রেসি ৮৬ ও অলি প্রাইস ৫২ রান করেন।
কেন্টের প্রথম বিভাগে ওঠার লড়াইয়ের শেষ ম্যাচ এটি। ফলে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে টস জিতে আগে বোলিং নেয়া কেন্টকে প্রথম দিনেই সাফল্য এনে দেন খালেদসহ পেসাররা।
প্রথমে দারউইশ আহমেদকে বোল্ড করেন ডানহাতি এই পেসার। পরের বলে ভারতীয় ব্যাটার সাই। কিশোরকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন। এরপর ব্রেন্ডন সিমন্সকেও বোল্ড করেন খালেদ।
গ্লুচেস্টারশায়ারের ২২৯ রানের জবাবে দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নামে কেন্ট। শুরুতেই জ্যাক ক্রলিকে ১ রানে হারালেও বেন কম্পটন ও স্যাম নর্থইস্টের ব্যাটে দিন শেষ করে ৭১/১-এ।
কম্পটন ৩৩ ও নর্থইস্ট ২৭ রানে অপরাজিত ছিলেন। ফলে দ্বিতীয় দিন শুরুতে গ্লুচেস্টারশায়ারের চেয়ে ১৫৮ রানে পিছিয়ে কেন্ট।
উল্লেখ্য, কেন্টের এটিই এবারের মৌসুমের শেষ ম্যাচ ও কাউন্টিতে খালেদেরও শেষ ম্যাচ। সেপ্টেম্বরে দলটির হয়ে খেলার জন্য চার ম্যাচের চুক্তিতে আসা এই পেসার প্রথম দুই ম্যাচেই নিয়েছিলেন ১১ উইকেট। সব মিলিয়ে তার শিকার ১৪ উইকেট।
তবে ম্যাচের এখনো অনেকটা বাকি। শেষ তিন দিনের খেলায় বল হাতে আরো দারুণ কিছু করার সুযোগ আছে খালেদের সামনে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








