
বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বৈশ্বিক বাণিজ্যিক কর্মসূচির নতুন দুয়ার খুলেছে। এবার ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কোয়াব। একই সাথে বাংলাদেশের চুক্তিবদ্ধ পুরুষ ও নারী ক্রিকেটাররা ডব্লিউসিএ’র বৈশ্বিক বাণিজ্যিক কর্মসূচির আওতায় এসেছেন।
বিশ্বের শীর্ষ ১৯টি ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে ১৭টি দেশের আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও।
এর আওতায় ক্রিকেটারদের নাম, ছবি, শারীরিক অবয়বসহ বিভিন্ন বাণিজ্যিক অধিকারের সম্মিলিত সুরক্ষা নিশ্চিত করা হবে। পাশাপাশি বিশ্বব্যাপী লাইসেন্সপ্রাপ্ত পণ্যের মাধ্যমে ক্রিকেটারদের নতুন আয়ের সুযোগ তৈরি হবে।
এদিকে, ডব্লিউসিএর পরিচালক হিসেবে মিঠুন বিশ্বের অন্যান্য খেলোয়াড় সংগঠনের নেতা ও স্বতন্ত্র পরিচালকদের সাথে কাজ করবেন। তার নিয়োগের মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী এই সংগঠনের বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হলো।
ডব্লিউসিএর নেতৃত্বে রয়েছেন চেয়ারপারসন হিথ মিলস, সভাপতি লিসা স্থালেকার, প্রধান নির্বাহী কর্মকর্তা টম মফাট, স্বতন্ত্র পরিচালক সানা মীর ও ডব্লিউসিএ এশিয়ার আঞ্চলিক প্রধান ইমরান আহমেদ খান।








