ইসলামী ব্যাংক
বড়াইগ্রামে চার দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের মানববন্ধন। নয়া দিগন্ত

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ, স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বোর্ড গঠন, এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে প্রকৃত মালিকদের কাছে ফেরত ও ব্যাংকের দালাল চক্রের বহিষ্কারের দাবিতে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে ইসলামী ব্যাংক বনপাড়া শাখার সামনে আয়োজিত মানববন্ধনকালে গ্রাহকদের মধ্যে সমাজসেবক মহসিন আলম, ব্যবসায়ী আতিকুর রহমান ত্বোহা, মাওলানা আবুল হাশেম, হাফেজ দেলোয়ার হোসেন ও সহকারী অধ্যাপক ইদ্রিস আলী বক্তব্য রাখেন।

মানববন্ধনে গ্রাহকরা বলেন, এস আলম এই দেশ থেকে এক লাখ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। তার বিচার না করে উল্টো যাকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, তিনি এখন লুটেরা এস আলমের স্বার্থরক্ষার অপচেষ্টা করছেন, যা গ্রাহকরা কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে বর্তমান চেয়ারম্যানকে বহিষ্কার করতে হবে। একই সাথে স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনসহ এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে হবে।

বক্তারা উল্লেখ করেন, ইসলামী ব্যাংকের সাথে দেশের ২ কোটি ৩০ লাখ গ্রাহক ও সুবিধাভোগীসহ প্রায় ৭ কোটি মানুষ জড়িত রয়েছেন। সুতরাং এখানে কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করার সুযোগ দেয়া হবে না। ইসলামী ব্যাংক রক্ষায় সাধারণ গ্রাহকরা রাজপথে আছেন এবং নিজেদের আমানত কিছুতেই অন্য কারও হাতে যেতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।