সবজি, চারা, বিতরণ,
হাইমচরে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সবজি চারা বিতরণ। নয়া দিগন্ত
ads

নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে চাঁদপুরের হাইমচরে ‘সিজনাল সবজি চারা বিতরণ কর্মসূচি ২০২৬’ আয়োজন করেছে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন। 

‘সবুজ আঙিনা, নিরাপদ খাদ্য—সুস্থ জীবনের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক ও মানবিক এই সংগঠন স্থানীয়দের মাঝে শীতকালীন সবজির চারা তুলে দেয়।

আয়োজনে উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মজিবুর রহমান। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন হাইমচর উপজেলা শাখার সভাপতি সালাহ উদ্দিন রুমীর সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা মাসুম বিল্লাহসহ সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিনামূল্যে শীতকালীন চারা বিতরণ

কর্মসূচির আওতায় স্থানীয় সাধারণ মানুষ ও প্রান্তিক পরিবারের মাঝে শীতকালীন বিভিন্ন মৌসুমি সবজির চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে টমেটো, বেগুন, কাঁচামরিচ, ফুলকপি ও বাঁধাকপিসহ বিভিন্ন সবজির সুস্থ ও রোগমুক্ত চারা।

নিরাপদ খাদ্যে উদ্বুদ্ধকরণ ও আশাবাদ

প্রধান অতিথির বক্তব্যে জনাব মজিবুর রহমান বলেন, ‘বর্তমানে বিষমুক্ত ও নিরাপদ শাকসবজি পাওয়া আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বাড়ির আঙিনা বা পতিত অল্প জায়গাতেও যদি প্রতিটি পরিবার মৌসুমি সবজি চাষ করে, তবে একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা মিটবে, অন্যদিকে পরিবেশও সবুজ ও সুন্দর থাকবে। সাধারণ মানুষকে নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

সভাপতির বক্তব্যে সালাহ উদ্দিন রুমী উপস্থিত সবাইকে চারাগুলোর সঠিক যত্ন নেয়ার আহ্বান জানান। পাশাপাশি আগামীতেও হাইমচর উপজেলায় ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের এমন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। নিরাপদ ও বিষমুক্ত সবজি চাষে উৎসাহিত করায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।