আতঙ্কে ২ পরিবার
ব্যাংকটির ফুলবাড়িয়া মিরপুর শাখায় এ হামলার ঘটনা ঘটে। নয়া দিগন্ত
ads

কুষ্টিয়ার মিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায়, ব্যাংক ভবনে বসবাসরত দুই কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

রোববার (২৯ নভেম্বর) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হামলার তথ্য জানান।

এরআগে, শনিবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে মিরপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড থেকে নতুন বাজার সড়কে টিএন্ডটি অফিসের বিপরীত পাশে অবস্থিত ব্যাংকটির ফুলবাড়িয়া মিরপুর শাখায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ভবনটিকে লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের কাচের জানালা ভেঙে ক্ষয়ক্ষতি হয়। তবে আগুন ছড়িয়ে না পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ভবনটিতে বসবাসকারী দুটি পরিবার।

দোতলা ভবনটির নিচতলায় গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়। আর দ্বিতীয় তলায় ব্যাংকের ম্যানেজার ও সেকেন্ড অফিসার পরিবার নিয়ে বসবাস করেন। ঘটনার সময়ও পরিবারের সদস্যসহ তারা ভবনের দোতলায় অবস্থান করছিলেন। বোমা নিক্ষেপের ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।

ব্যাংকের ম্যানেজার জানান, ভবনটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। সেখানে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পরে মিরপুর ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী উদ্দেশ্যে গভীর রাতে ব্যাংক ভবন লক্ষ্য করে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত চলছে।