আটক
৭২ টন সুপারিসহ আটকরা। নয়া দিগন্ত
ads

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচার করে আনা প্রায় দুই কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ টন সুপারিসহ ২৫ জনকে আটক করে হাতিয়া থানায় সোপর্দ করেছে কোস্ট গার্ড। এ ব্যাপারে হাতিয়া থানায় মামলা হয়েছে। 

রোববার (২৯ নভেম্বর) সকালে আটকদের নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে শনিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারি জব্দ করা হয়। একই সাথে ২৫ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা সুপারির আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮৮ লাখ টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, ‘জব্দ করা সুপারি ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’