রংপুর প্রেসক্লাব, ককটেল, পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি, মোটরসাইকেল, সেনাবাহিনী, রংপুর মহানগর মেট্রোপলিটন পুলিশ, রংপুর মহানগর মেট্রোপলিটন থানা
ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি। নয়া দিগন্ত
ads

রংপুরে প্রেসক্লাবের প্রধান ফটকের বারান্দার সামনের সড়কে ককটেল সদৃশ রশি দিয়ে পেঁচানো একটি বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মোটরসাইকেল থেকে বস্তুটি সেখানে নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর প্রেসক্লাব বিপণি বিতান মার্কেটের সামনের বারান্দার সামনে মূল সড়ক থেকে বস্তুটি উদ্ধার করা হয়। 

রংপুর মহানগর মেট্রোপলিটন থানার ওসি ওয়াদুদআলম বলেন, ‘বস্তুটি রশি দিয়ে মোড়ানো ছিল। আমরা খবর পেয়ে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়কারী দলকে জানাই। তারা এসে বস্তুটি উদ্ধার করে থানায় রেখেছে।’

ওসি বলেন, ‘বস্তুটি প্রকৃতপক্ষে ককটেল, হাতবোমা নাকি অন্য কিছু, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে চিঠি লেখা হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করবেন। এরপর বলা যাবে বস্তুটি কী ছিল।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে প্রেসক্লাব বিপনী বিতানের প্রধান ফটকের বারান্দার সামনের সড়ক থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি মার্কেটের প্রধান ফটকের দিকে বস্তুটি ছুড়ে মারেন। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি এখানে একটি বস্তু রেখে চলে যান। খবর পাওয়ার সাথে সাথে পুলিশের পাশাপাশি এসআরবির একটি নিয়মিত টহল দলও ঘটনাস্থলে আসে।’

তিনি আরো বলেন, ‘যদি এটি ককটেল বা বোমা হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মোটরসাইকেলে আসা ব্যক্তিদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।’