বাজারে আগুন, বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই
বাজারে আগুন, বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই। নয়া দিগন্ত
ads

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজারে এক ভয়াবহ আগুনের ঘটনায় ২০টির মতো ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো বাজারে ছড়িয়ে পড়ে এবং নিমিষের মধ্যে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যরা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টর দিকে একটি দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে নিমিষের মধ্যে পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ আগুনে বাজারের মুদি দোকান, হার্ডওয়্যার ও মেশিনারি, ফার্মেসি, কাপড়, মোবাইল ও মাইক সার্ভিস, ডেকোরেশন, লন্ড্রি ও সেলুনসহ প্রায় ২০টির মতো বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

মাঝেরফাঁড়ি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ শোয়াইবুল ইসলাম জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ১৫ জন ব্যবসায়ীর তালিকা ও ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রস্তুত করা হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি জানান, চকরিয়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

তিনি আরো জানান, এই ভয়াবহ আগুনে তিলে তিলে গড়ে তোলা ব্যবসায়ীদের স্বপ্ন ও পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন শেষ হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান শোয়াইবুল ইসলাম।