মুফতি আমির হামজা
সমাবেশে বক্তব্য রাখছেন মুফতি আমির হামজা। নয়া দিগন্ত
ads

সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার আর দেশে ফিরে আসার সুযোগ নেই। স্বৈরাচারী শাসনের পরিণতি জনগণ নির্ধারণ করে দিয়েছে।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাস ও নাশকতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে কুষ্টিয়ায় ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশের চিত্র

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর জেলা জামায়াতের উদ্যোগে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান সড়ক ও মজমপুর গেট প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে অন্যান্য বক্তার মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক এবং সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার প্রমুখ।

চাঁদাবাজি ও নৈরাজ্য নিয়ে অভিযোগ

সমাবেশে মুফতি আমির হামজা দেশব্যাপী হত্যা, গুম ও রাহাজানির ঘটনায় তীব্র নিন্দা জানান এবং নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। 

এ সময় তিনি কুষ্টিয়ার বালুমহলসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ তুলে বলেন, সরকারি দলের ছত্রচ্ছায়ায় চাঁদাবাজির দৌরাত্ম্য চলছে। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

আইনশৃঙ্খলা ও হামলার প্রতিবাদ

সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, ‘দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং মানুষের জানমালের নিরাপত্তা নেই।’ খুন, হত্যা, রাহাজানি ও সন্ত্রাসের কারণে সাধারণ মানুষ আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পাশাপাশি বুধবার রাতে কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। 

সমাবেশ থেকে বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।