ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র। সংগৃহীত ছবি
ads

ইরানের সাথে সামরিক সংঘাতে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করায় নিজেদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠনে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সামরিক বিশ্লেষক ও ন্যাশনাল ডিফেন্স সাময়িকীর সম্পাদক ইগর কোরোতচেঙ্কোর মতে, আগামী দেড় থেকে দুই বছর যুক্তরাষ্ট্র নিজেদের মিত্রদেরও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারবে না। কারণ, এ সময়ে উৎপাদিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র শুধু মার্কিন সামরিক বাহিনীর প্রয়োজনেই ব্যবহৃত হবে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে বিশ্বব্যাপী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত ছিল প্রায় দুই হাজার ২০০টি, যা কমে ৮২৭টির নিচে নেমেছে।

অন্যদিকে, থাড ক্ষেপণাস্ত্রের মজুত ৪৫২টি থেকে কমে ২৭৮টির নিচে দাঁড়িয়েছে। বিভিন্ন হিসাব অনুযায়ী, যুদ্ধের প্রথম মাসেই যুক্তরাষ্ট্র এক হাজারের বেশি প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, অথচ যুদ্ধের আগেও বছরে মাত্র ৬০০ থেকে ৬৫০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা ছিল যুক্তরাষ্ট্রের। অর্থাৎ, কয়েক সপ্তাহের যুদ্ধে কয়েক বছরের উৎপাদনের সমপরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

এই ঘাটতি পূরণে পেন্টাগন লকহিড মার্টিনের সাথে ৫৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। এর লক্ষ্য হলো ২০৩২ সালের মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বার্ষিক উৎপাদন তিন গুণ বাড়িয়ে দুই হাজারে উন্নীত করা। তবে এই সক্ষমতা অর্জনে আরো কয়েক বছর সময় লাগবে।

এর প্রভাব পড়ছে ইউক্রেনের ওপরও। ইউরোপীয় দেশগুলোর অর্থায়নে ইউক্রেনের জন্য প্রায় ৬০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি কয়েক মাস ধরে পেন্টাগনে আটকে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ক্ষেপণাস্ত্রের ঘাটতিকে তার দেশের প্রতিরক্ষার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্কট শুধু অস্ত্রের ঘাটতি নয়; বরং একই সময়ে ইউরোপ, ইউক্রেন ও পূর্ব এশিয়ায় সামরিক প্রতিশ্রুতি বজায় রাখার চাপও রয়েছে। ইরান যুদ্ধের সময় ইউরোপ ও এশিয়া থেকে মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে নেয়াও এই সঙ্কটের ইঙ্গিত দেয়।

ফলে পূর্ব এশিয়াসহ বিশ্বের অন্য কোনো অঞ্চলে নতুন করে বড় সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রের প্রতিরোধক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ, এমন পরিস্থিতির জন্য সংরক্ষিত অনেক গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে ইরান যুদ্ধে ব্যবহার করা হয়েছে।

সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার পুনর্গঠন এখন একটি দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল প্রক্রিয়া। উৎপাদন সক্ষমতা ও সরবরাহব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এই ঘাটতি দ্রুত পূরণ করা সম্ভব নয়। আর ওয়াশিংটনের এই কৌশলগত দুর্বলতাকে রাশিয়া ও চীন নিজেদের প্রভাব ও সামরিক হিসাব-নিকাশ নতুন করে সাজানোর সুযোগ হিসেবে দেখছে।

সূত্র : পার্সটুডে