মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। সংগৃহীত ছবি
ads

মার্কিন সাময়িকী দ্য আটলান্টিকের এক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ইরানের সাথে যুদ্ধ শুরুর নয় মাস পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জনগণের কাছ থেকে গোপন করছে। একইসাথে যুদ্ধজয়ের দাবির স্বাধীন তদন্তেও বাধা দেয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগন কর্তৃপক্ষ কংগ্রেস, গণমাধ্যম ও তদারকি সংস্থাগুলোর কাছে যুদ্ধের প্রকৃত তথ্য প্রকাশে বাধা দিচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে কংগ্রেসের সদস্যদের সামরিক ঘাঁটি পরিদর্শনও সীমিত করা হয়েছে। এমনকি যুদ্ধ কার্যত বন্ধ হওয়ার পরও কাতারের আল-উদেইদ ঘাঁটি পরিদর্শনের আবেদন প্রত্যাখ্যান করা হয়। অথচ যুদ্ধের জন্য অতিরিক্ত ৬৭ বিলিয়ন ডলারের বাজেট ও ক্ষতিগ্রস্ত ঘাঁটি মেরামতের ব্যয় নির্ধারণে এসব তথ্য প্রয়োজন।

প্রাণহানির পরিসংখ্যান নিয়েও প্রশ্ন উঠেছে। পেন্টাগনের ওয়েবসাইট থেকে ‘অপারেশন এপিক ফিউরি’তে নিহত চারজন ও আহত কয়েক ডজন মার্কিন সেনার তথ্য সরিয়ে পরে নতুন শিরোনামে প্রকাশ করা হয়। আহত সেনাদের কেউ কেউ অভিযোগ করেছেন, তাদের আঘাতের গুরুত্ব কমিয়ে দেখানো হয়েছে।

এদিকে, যুদ্ধের প্রথম দিন মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৭০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হলেও সেন্টকমের প্রতিবেদন প্রকাশ করা হয়নি। হেগসেথও হামলার কারণ ব্যাখ্যা করেননি। 

প্রতিবেদনে বলা হয়েছে, এই গোপনীয়তা শুধু মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতি নয়, বেসামরিক নাগরিকদের হত্যার দায়ও আড়াল করছে।

আর্থিক ক্ষয়ক্ষতির ক্ষেত্রেও তথ্যের ঘাটতি রয়েছে। কংগ্রেসের বাজেট দফতর প্রকাশ্য তথ্যের ভিত্তিতে হারানো সামরিক সরঞ্জামের মূল্য কমপক্ষে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার বলে অনুমান করেছে। পেন্টাগনের হিসাবে, নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত যুদ্ধ পরিচালনা ও গোলাবারুদ প্রতিস্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৪৮ বিলিয়ন ডলার। তবে প্রকৃত ব্যয় আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পেন্টাগন ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণের ব্যয়ও জানাতে পারছে না বলে দাবি করেছে। এদিকে, রিপাবলিকান সিনেটর মাইক রাউন্ডস অভিযোগ করেছেন, নতুন বাজেট চাওয়ার পরও ডেমোক্র্যাটদের গোপন ব্রিফিং থেকে বাদ দেয়া হচ্ছে। 

গণমাধ্যমের তথ্যের অনুরোধও ‘সামরিক অভিযানের নিরাপত্তা’র কথা বলে প্রত্যাখ্যান করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সাথে চুক্তি না হলে নতুন বছরের পর যুদ্ধ পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। একই সময়ে ইসরাইলি সামরিক বাহিনী, মোসাদ ও সেন্টকম ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা নিয়ে যৌথ পরিকল্পনা তৈরি করছে।

দ্য আটলান্টিকের প্রতিবেদনের মূল বক্তব্য হলো, যুদ্ধের প্রকৃত ব্যয় ও ক্ষয়ক্ষতির তথ্য গোপন রেখে ট্রাম্প প্রশাসন জনগণকে স্বাধীনভাবে যুদ্ধজয়ের অসার দাবি যাচাই করার সুযোগ থেকে বঞ্চিত করছে। যুদ্ধের ব্যয় সম্পর্কে স্পষ্ট ধারণা ছাড়াই যুদ্ধ সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক।

সূত্র : পার্সটুডে