উৎপাদন স্থবির, বেড়েছে ব্যয়, চাপে শিল্পকারখানা
ads

  • শ্রমিক কমেছে, নিয়োগেও মন্দা      
  • বিদ্যুৎ-গ্যাসের সঙ্কট      
  • সক্ষমতা কমেছে ১৮ ভাগ

বাংলাদেশের উৎপাদনশীল শিল্প খাতে উৎপাদন প্রায় স্থবির হয়ে পড়েছে। কমেছে কারখানার সক্ষমতা ব্যবহারের হার ও শ্রমিকের সংখ্যা। বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্য দিকে নতুন কর্মী নিয়োগ ও ব্যবসায়িক মনোভাবেও দেখা দিয়েছে নেতিবাচক প্রবণতা। ফলে উৎপাদন ধরে রাখা এবং কর্মসংস্থান বজায় রাখাই এখন অনেক শিল্পপ্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে পরিচালিত ‘বিআইডিএস-বিসিআই ইনস্টিটিউট ১০০ সূচক’-এর প্রথম রাউন্ডের প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকে দেশের ১০৩টি উৎপাদনকারী কারখানার তথ্য বিশ্লেষণ করে সূচকটি তৈরি করা হয়েছে। ২০২৫ সালের গড় ত্রৈমাসিক পরিস্থিতির সাথে তুলনা করে উৎপাদন, উপকরণ, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাবের অবস্থা তুলে ধরা হয়েছে এতে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কারখানাগুলোর প্রকৃত উৎপাদন সামগ্রিকভাবে ০.৮ শতাংশ কমেছে। এ সময়ে ৪০টি কারখানায় উৎপাদন ৫ শতাংশের বেশি বাড়লেও ৩০টিতে কমেছে। অর্থাৎ কিছু প্রতিষ্ঠানে উৎপাদন বাড়লেও সামগ্রিক শিল্প পরিস্থিতিতে তার প্রভাব পড়েনি।
সক্ষমতা ব্যবহারে পতন
কারখানার উৎপাদন সক্ষমতা ব্যবহারের হার ৬৭ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। খাতভেদে এ চিত্রে বড় পার্থক্য রয়েছে। বস্ত্র খাতে সক্ষমতা ব্যবহারের হার ৭৩ শতাংশ থেকে নেমে এসেছে ৫৫ শতাংশে। একই সময়ে এ খাতের উৎপাদন কমেছে ২০ শতাংশ। তবে তৈরী পোশাক খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বৃহত্তর শিল্প উৎপাদন সূচকেও (এলএসএম) দুর্বলতার আভাস রয়েছে। এ সূচক ২.১ শতাংশ কমে ২০২৫ সালের স্তরের নিচে বা কাছাকাছি অবস্থানে রয়েছে।
জ্বালানিতে বাড়তি ব্যয়
উৎপাদন ব্যাহত হওয়ার অন্যতম কারণ বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকার সময় দৈনিক গড়ে ৪ দশমিক ১ ঘণ্টায় পৌঁছেছে, যা ২০২৫ সালের তুলনায় দ্বিগুণ। গ্যাস সরবরাহে বিঘেœর সময়ও ০ দশমিক ৯ ঘণ্টা থেকে বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টা হয়েছে।
এ পরিস্থিতিতে সরকারি সরবরাহ থেকে পাওয়া বিদ্যুতের অংশ ৮৬ শতাংশ থেকে কমে ৭৭ শতাংশে নেমেছে। ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটকে ব্যবসার অন্যতম প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে। প্রতিটি কারখানায় জ্বালানি খরচ গড়ে ৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি ৮৪ শতাংশ কারখানায় জেনারেটর চালাতে ডিজেলের ব্যবহার বেড়েছে। উৎপাদন সচল রাখতে বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়ায় উদ্যোক্তাদের ব্যয়ও বাড়ছে।
কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব
উৎপাদন ও ব্যয়ের চাপের প্রভাব পড়েছে কর্মসংস্থানে। জরিপে অন্তর্ভুক্ত কারখানাগুলোতে শ্রমিকের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে কমে ১ লাখ ৩৫ হাজার ৭০০ হয়েছে। অর্থাৎ শ্রমিক কমেছে প্রায় ১ শতাংশ। নতুন নিয়োগ এবং নতুন নিয়োগ বাদে বিদ্যমান চাকরির সংখ্যা- দুই ক্ষেত্রেই ১৯ শতাংশ পতন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে শিল্প খাতে কর্মসংস্থান সম্প্রসারণের দুর্বল চিত্র ফুটে উঠেছে।
ব্যবসায়িক আস্থায় ঘাটতি
ব্যবসায়িক মনোভাবের পাঁচটি সূচকের প্রতিটিই ৫০ পয়েন্টের নিচে, ৩৬ থেকে ৪৩-এর মধ্যে রয়েছে। এ সূচকে ৫০ পয়েন্টকে অপরিবর্তিত পরিস্থিতির মানদণ্ড ধরা হয়েছে। এর নিচে থাকলে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবনতির ইঙ্গিত পাওয়া যায়। আগামী তিন মাসের প্রত্যাশা সূচক ৪৯ থেকে ৫৪-এর মধ্যে। অর্থাৎ উৎপাদনে সামান্য উন্নতির আশা থাকলেও ব্যবসায়িক পরিবেশ নিয়ে উদ্যোক্তাদের অনিশ্চয়তা কাটেনি।
বিআইডিএস-বিসিআইয়ের নতুন এ সূচকে কারখানাভিত্তিক তথ্যের মাধ্যমে শিল্পের স্বল্পমেয়াদি পরিবর্তন বোঝার সুযোগ তৈরি হয়েছে। প্রচলিত জাতীয় হিসাব বা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য দিয়ে দ্রুত এ পরিবর্তন শনাক্ত করা কঠিন। অন্য দিকে ক্রয় ব্যবস্থাপক সূচক (পিএমআই) মূলত প্রবণতাভিত্তিক তথ্য দেয়।
প্রতিবেদনে আগামী জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে উৎপাদনে সামান্য উন্নতির প্রত্যাশা থাকলেও বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অনিশ্চয়তা, বাড়তি উৎপাদন ব্যয় এবং দুর্বল কর্মসংস্থান পরিস্থিতি শিল্প খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।