
শীতকাল মানেই ভ্রমণপিপাসুদের জন্য ঘোরাঘুরির সেরা সময়। হাতে কয়েকদিনের ছুটি নিয়ে অনেকেই বেরিয়ে পড়েন পছন্দের গন্তব্যে। তবে শীতের ভ্রমণে বাড়তি জিনিসপত্র সাথে না নিলে অজানা ও অচেনা জায়গায় গিয়ে বিপদে পড়ার ঝুঁকি থাকে।
তাই ভ্রমণে বের হওয়ার আগে ব্যাগে কী কী রাখবেন, তা সঠিকভাবে পরিকল্পনা করা অত্যন্ত জরুরি।
জেনে নিন শীতের ভ্রমণে ব্যাগ গোছানোর ৮ প্রয়োজনীয় পরামর্শ
১. ভারী পোশাকের বদলে হালকা শীতপোশাক ও লেয়ারিং
বেশি ভারী শীতপোশাক নেওয়ার পরিবর্তে হালকা সোয়েটার বা হুডি সঙ্গে নিন। এতে ব্যাগের ওজন যেমন কম থাকবে, তেমনি একের পর এক লেয়ার তৈরি করে শীতপোশাক পরলে আরামও বেশি পাওয়া যাবে।
২. একটিমাত্র ওয়াটারপ্রুফ ভারী জ্যাকেট
ব্যাগে একটিমাত্র ভারী জ্যাকেট রাখতে পারেন, যা সব পোশাকের ওপরে পরা যাবে। তবে জ্যাকেটটি যেন অবশ্যই ওয়াটারপ্রুফ হয়, সেদিকে খেয়াল রাখুন। ভুলেও অতিরিক্ত ভারী পোশাক ব্যাগে নেবেন না।
৩. বিমান ভ্রমণে ব্যাগের ওজন নিয়ন্ত্রণ
বিমানে যাতায়াতের ক্ষেত্রে লাগেজের ওজন নিয়ন্ত্রণে রাখা বাধ্যতামূলক, অন্যথায় বাড়তি টাকা গুনতে হতে পারে। তাই ব্যাগের ওজন কমাতে ভারী জ্যাকেটটি বিমানে ওঠার আগেই গায়ে চাপিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।
৪. ছোট পাউচ ব্যাগের ব্যবহার
ব্যাগ গোছানোর সময় ছোট ছোট পাউচ ব্যাগ ব্যবহার করুন। এতে প্রয়োজনীয় জিনিসপত্র আলাদাভাবে গুছিয়ে রাখা যায় এবং প্রয়োজনের সময় সহজেই খুঁজে পাওয়া যায়।
৫. সঠিক ও ওয়াটারপ্রুফ জুতা নির্বাচন
শীতের ভ্রমণে বের হওয়ার সময় জুতার ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভ্রমণের জুতা যেন অবশ্যই ওয়াটারপ্রুফ হয়, সেদিকে খেয়াল রাখুন।
৬. প্রয়োজনীয় শীতের অনুষঙ্গ
ভ্রমণের ব্যাগে প্রয়োজনমতো স্কার্ফ, গ্লাভস, মোজা এবং রোদ থেকে বাঁচতে সানগ্লাস নিতে একদমই ভুলবেন না।
৭. ত্বকের সুরক্ষায় প্রসাধনী
কোনো ঠান্ডার জায়গায় যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই ময়েশ্চারাইজার, লিপ বাম, বডি লোশন এবং সানস্ক্রিন সাথে নিন। তা না হলে শুষ্ক আবহাওয়ায় ত্বকের অস্বস্তিতে পড়তে পারেন।
৮. হালকা ওজনের স্যুটকেস বেছে নেয়া
শীতের ভ্রমণে সোয়েটারসহ বাড়তি পোশাক থাকার কারণে ব্যাগের ওজন অতিরিক্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই শুরুতেই একেবারে হালকা ওজনের স্যুটকেস বেছে নেয়া ভালো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









