মুফতি আবুল কাসেম নোমানি
মুফতি আবুল কাসেম নোমানি। সংগৃহীত
ads

মাদরাসায় দীর্ঘদিন দ্বীনি শিক্ষা অর্জনের পর তাবলিগ জামাতে চিল্লা ও চার মাস সময় দেয়ার বিষয়ে আলেম-উলামা ও মাদরাসার শিক্ষার্থীদের সতর্ক করার পর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানি। তিনি স্পষ্ট করেছেন যে তার বক্তব্য সামগ্রিকভাবে তাবলিগ জামাতের বিরোধিতা নয়; বরং মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্যে দেয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বুখারি শরিফের দরস চলাকালে আলেম-উলামা ও মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দেন মুফতি আবুল কাসেম নোমানি। তবে তার বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট না বুঝে কেউ কেউ এটিকে সামগ্রিক তাবলিগ জামাতের বিরুদ্ধে বক্তব্য হিসেবে উপস্থাপন করতে শুরু করেন। এ নিয়ে যেন কোনো ভুল-বোঝাবুঝি বা বিতর্কের সৃষ্টি না হয়, সে জন্য পরবর্তী সময়ে এক জরুরি বার্তায় নিজের বক্তব্যের উদ্দেশ্য ও প্রেক্ষাপট স্পষ্ট করেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম। এসব তথ্য নিশ্চিত করেন তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

আরো পড়ুন : ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তারপরও আমাকে একটা বিমানও দিচ্ছে না

বুখারি শরিফের দরসে দেয়া বক্তব্যে মুফতি আবুল কাসেম নোমানি বলেন, আট-নয় বছর মাদরাসায় দ্বীনি শিক্ষা অর্জনের পর চিল্লা কিংবা চার মাসের জন্য তাবলিগে বের হয়ে অর্জিত ইলমের ক্ষতি করা অত্যন্ত দুঃখজনক। যারা বৃদ্ধ মা-বাবাকে রেখে তাবলিগে সময় দিতে বের হন, তাদের মনে রাখা উচিত যে মা-বাবার সেবা করাও একধরনের জিহাদ।

মাদরাসার ফুজালা ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে নিজেদের প্রতি সদয় হওয়া উচিত। শিক্ষকদের দীর্ঘদিনের পরিশ্রমের মর্যাদা রক্ষা করে অর্জিত ইলমকে কাজে লাগাতে হবে এবং দ্বীনি শিক্ষাদান, ইমামতি ও অন্যান্য ধর্মীয় খেদমতে মূল্যবান সময় ব্যয় করতে হবে।

পরবর্তী জরুরি বার্তায় মুফতি নোমানি বলেন, তার বক্তব্যকে কেউ কেউ পুরো তাবলিগ জামাতের বিরোধিতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন; অথচ এর মূল উদ্দেশ্য হলো মাওলানা মুহাম্মদ সাদের বিতর্কিত চিন্তাধারা এবং তার অনুসারীদের কিছু কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা। দারুল উলুম দেওবন্দ কখনো সামগ্রিকভাবে তাবলিগ জামাতের বিরোধিতা করেনি।

জরুরি বার্তায় তিনি দাবি করেন, গত দেড় মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাওলানা সাদের অনুসারী ৫০ জনের বেশি সাথী নিয়ে একটি জামাত দারুল উলুম দেওবন্দে আসেন। তারা শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানের অবস্থানের বিরুদ্ধে গোপনে মানসিকতা তৈরির চেষ্টা করেছেন এবং শিক্ষকদের মর্যাদা সম্পর্কেও অনুপযুক্ত মন্তব্য করেছেন। এমনকি শিক্ষার্থীদের মধ্যে ওই বিতর্কিত চিন্তাধারার ভিত্তিতে এক বছর ও চিল্লায় যাওয়ার প্রস্তুতি নেয়ার প্রবণতাও দেখা গেছে।

মুফতি নোমানি আরো বলেন, গত ৪ অক্টোবর ২০২৬ ভোপালে মাওলানা মুহাম্মদ সাদের দেয়া বক্তব্য আলেমসমাজের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ওই বক্তব্যের পর দারুল উলুম দেওবন্দে বিভিন্ন স্থান থেকে চিঠি আসছে এবং অনেকে ফোন করে প্রতিষ্ঠানের অবস্থান জানতে চাইছেন।

তার ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে মাওলানা সাদের কিছু চিন্তাধারা ও বক্তব্য সম্পর্কে দারুল উলুম দেওবন্দ যে আপত্তি জানিয়েছিল, সাম্প্রতিক বক্তব্যে সেসব বিষয় আবারো তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রকাশ্য সমাবেশে হকপন্থী আলেমদের ‘জাহেল’ ও ‘সুন্নতের দুশমন’ বলে আখ্যায়িত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসব বিতর্কিত মতাদর্শের প্রচার-প্রসারের ব্যাপারে বায়াত নেয়ার বিষয়টিও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

বার্তায় মাওলানা সাদের কিছু বক্তব্যের সমালোচনা করে মুফতি নোমানি বলেন, কলমের মাধ্যমে দাওয়াতের দায়িত্ব পালন হয় না বলে যে ধারণা প্রচার করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়; অথচ রাসূলুল্লাহ সা: বিশ্বের বিভিন্ন শাসকের কাছে দাওয়াতি চিঠি পাঠিয়েছেন। একইভাবে মসজিদের বাইরে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা সুন্নতবিরোধী বলে প্রচার করাকেও তিনি আপত্তিকর বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগে যুগে আকাবির ও পূর্বসূরি মনীষীদের দ্বীনি, দাওয়াতি, শিক্ষামূলক ও সংশোধনমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আলেমেরা সংশোধনের চেষ্টা করেছেন, চিঠিপত্র লিখেছেন ও নসিহত করেছেন; কিন্তু সংশোধনের পরিবর্তে বিতর্কিত বক্তব্য ও মতাদর্শের ব্যাপারে অনড় মনোভাব দেখা যাচ্ছে।

এ অবস্থায় প্রত্যেক আলেমের দায়িত্ব হলো নিজেদের সংশ্লিষ্ট ব্যক্তি, অনুসারী ও সাধারণ মানুষকে এসব বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে অবহিত করা। একইসাথে মাদরাসার দায়িত্বশীল, মুহতামিম ও শিক্ষকদের শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি।

মুফতি নোমানি স্পষ্ট করেন, তাবলিগ জামাত আকাবিরদের মেহনত, ত্যাগ, দরদ ও দ্বীনি ফিকিরের ফসল; কিন্তু কিছু ব্যক্তি এ মহান দাওয়াতি মেহনতকে নিজেদের বিতর্কিত মতাদর্শ প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তাই দারুল উলুম দেওবন্দের আপত্তি তাবলিগ জামাতের সামগ্রিক কার্যক্রমের বিরুদ্ধে নয়; বরং নির্দিষ্ট ব্যক্তির বিতর্কিত চিন্তাধারা ও কর্মকাণ্ডের বিরুদ্ধে।

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মাওলানা মুহাম্মদ সাদের বক্তব্য শোনা সমীচীন নয়; বিশেষ করে তার বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে যথাযথ জ্ঞান ও সচেতনতা না থাকলে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হতে পারেন।

তিনি আরো জানান, দারুল উলুম দেওবন্দ কোনো খণ্ডিত ভিডিও ক্লিপ বা অসম্পূর্ণ বক্তব্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি; বরং পূর্ণাঙ্গ বক্তব্য শুনে, যাচাই-বাছাই ও বিস্তারিত পর্যালোচনার পর নিজেদের অবস্থান নির্ধারণ করেছে। এ-সংক্রান্ত ঘটনা, বক্তব্য, চিঠিপত্র ও বিরোধের পূর্ণাঙ্গ বিবরণ সাত থেকে আট খণ্ডে সংকলন করে প্রতিষ্ঠানের সংরক্ষণাগারে রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বার্তার শেষাংশে মুফতি আবুল কাসেম নোমানি বলেন, বিষয়টিকে তাবলিগ জামাতের বিরোধিতা হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি দ্বীনের হেফাজত, আকাবিরদের প্রতিষ্ঠিত নীতিমালা সংরক্ষণ এবং বিতর্কিত ও বিভ্রান্তিকর চিন্তাধারা থেকে উম্মাহকে সতর্ক করার বিষয়।