খুলনা, কয়রা, পাইকগাছা, কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জনবল সঙ্কট, স্বাস্থ্যসেবা ব্যাহত, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, ওষুধের সঙ্কট, স্বাস্থ্যসেবা, খুলনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, পরিবার পরিকল্পনা অধিদফতর, কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরাম, স্বাস্থ্যসেবায় ভোগান্তি
কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। নয়া দিগন্ত
ads

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় জনবল সঙ্কটে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রশাসনিক ও চিকিৎসাসেবা তদারকির গুরুত্বপূর্ণ একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় দাফতরিক কার্যক্রমের পাশাপাশি পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং মাঠপর্যায়ের কার্যক্রমেও এর প্রভাব পড়ছে। একই সাথে পাশের পাইকগাছা উপজেলার জনবল সঙ্কটের কারণে দুই উপজেলার চারটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব একাই পালন করছেন কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি দীর্ঘদিন ধরে শূন্য। এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসা মেডিক্যাল অফিসার ডা: এম শুভ্রমনিয়াম দুই বছরের প্রশিক্ষণের জন্য ছুটিতে থাকায় বর্তমানে ওই পদটিও শূন্য রয়েছে। এছাড়া সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা পদেও কোনো কর্মকর্তা নেই।

অন্যদিকে, পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে মেডিক্যাল অফিসার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তার পদও শূন্য রয়েছে। ফলে দুই উপজেলার জনবল সঙ্কটের মধ্যে কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: আব্দুল্লাহ আল মামুনকে একাই একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, একজন কর্মকর্তার পক্ষে দুই উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব একসাথে পালন করা কঠিন। জনবল সঙ্কটের কারণে সুন্দরবন উপকূলীয় এ এলাকার পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বিশেষ করে মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সরবরাহ ও সেবা প্রদান এবং নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনায় সমস্যা তৈরি হচ্ছে।

কয়রা ও মহেশ্বরীপুর এলাকা থেকে সেবা নিতে আসা কয়েকজন নারী জানান, জন্মনিয়ন্ত্রণের ইনজেকশন, ইমপ্লান্ট, আইইউডি ও জরুরি গর্ভনিরোধক (ইসিপি) সেবা সব সময় নিয়মিত পাওয়া যাচ্ছে না। এতে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো: ওবাইদুল্লাহ বলেন, ‘আমাদের কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে কর্মকর্তা না থাকায় ইমপ্লান্ট, আইইউডি ও স্থায়ী পদ্ধতির সেবা দিতে অসুবিধা হচ্ছে। এছাড়া ওষুধের সরবরাহও পর্যাপ্ত নয়। ফলে জন্মনিয়ন্ত্রণের ওষুধসহ মা ও শিশুর স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’

কার্যালয় সূত্রে জানা গেছে, কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুমোদিত সাতটি পদের বিপরীতে জনবল থাকার কথা ১০ জন। বর্তমানে সেখানে দুইজন পরিবার পরিকল্পনা সহকারী ও দুইজন অফিস সহকারী কর্মরত রয়েছেন। অনুমোদিত পদের মধ্যে পাঁচটিই শূন্য রয়েছে।

শূন্য পদগুলোর মধ্যে রয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একটি, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা একটি, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা একটি, পরিবার পরিকল্পনা সহকারী একটি এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি। তবে মেডিক্যাল অফিসার ও অফিস সহায়ক পদে কর্মরতরা তাদের দায়িত্ব পালন করছেন।

কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কয়রা ও পাইকগাছা দুই উপজেলাতেই জনবল সঙ্কট রয়েছে। এ কারণে আমাকে দুই উপজেলার চারটি পদের দায়িত্ব পালন করতে হচ্ছে। সপ্তাহে এক বা দুই দিন কয়রা উপজেলায় অফিস করছি।’

কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি এস এ মুকুল বলেন, ‘উপকূলীয় কয়রায় পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ এবং নিয়মিত ওষুধ সরবরাহের ব্যবস্থা নিতে হবে।’

খুলনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো: আকিব উদ্দিন বলেন, ‘সারা দেশেই এসব পদে কর্মকর্তা সঙ্কট রয়েছে। উপকূলীয় একটি উপজেলায় কর্মকর্তা দেয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে চেষ্টা করছি। পরিবার পরিকল্পনা অধিদফতরকে পুনর্গঠনে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। আশা করছি, দ্রুত এ পরিস্থিতির উন্নতি হবে।’