
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘আইনশাস্ত্র একটি বিশাল সমুদ্রের মতো, এতে পড়া শেখার কোনো শেষ নেই।’
শনিবার (২১ নভেম্বর) রাতে সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, ‘আইনের শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং দেশের সংবিধান, ন্যায়বিচার ও মানবাধিকার বিষয়ক জ্ঞান অর্জন ও প্রতিষ্ঠায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।’
সংসদ সদস্য বলেন, ‘সমাজের অসহায় ও বিচারপ্রার্থী মানুষের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী। তাই সততা, নিষ্ঠা ও গভীর অধ্যবসায়ের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।’
সিলেট ল’ কলেজ গভর্নিং বডির সদস্য ও কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক আবুল খায়ের হেলালসহ অন্য শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও কলেজের বর্তমান ও নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় নবীন শিক্ষার্থীদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









