
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘মজুরি বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি হওয়ার পর সাথে সাথে কোনো বাড়িওয়ালা বাড়িভাড়া বৃদ্ধি করবেন না। যদি কেউ বাড়িভাড়া বৃদ্ধি করেন, তাহলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা থেকে সেই বাড়ির মালিকদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক আন্দোলন থামাতে গার্মেন্টস শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তাদের সিংহভাগ নেতাকর্মী দেশের বাইরে পলাতক। সেখান থেকে এখানকার কিছু লোকজনকে তারা উস্কানি দিচ্ছে। সেই উস্কানিতে পা দিয়ে কিছু লোক দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকার জুলাই-আগস্ট আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এটা জনগণের সরকার। যেহেতু আমরা গুমের রাজনীতি করব না, হত্যার রাজনীতি করব না, গুলি করে হত্যার রাজনীতি করব না, সেহেতু সরকার মানবিক দিক বিবেচনা করে ধৈর্য সহকারে শ্রমিক আন্দোলন মোকাবেলা করছে।’
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









