
নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে নিথর হয়ে পড়া তিন বছরের শিশু সাদিপকে বাঁচাতে নিজের গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন : ‘ভারত কখনোই শেখ হাসিনাকে হস্তান্তর করবে না’
মৃত শিশু সাদিপ ওই এলাকার বকুল হোসেনের ছেলে।
যেভাবে ঘটল ঘটনাটি
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিজের গ্রামের বাড়ি রামশার কাজিপুর থেকে ফিরছিলেন। পথিমধ্যে শাখারীপাড়া এলাকায় মানুষের জটলা ও স্বজনদের আহাজারি দেখে তিনি তাৎক্ষণিকভাবে গাড়িবহর থামান। কাছে গিয়ে তিনি পানিতে ডুবে যাওয়া শিশু সাদিপের নিথর দেহ ও পরিবারের সদস্যদের কান্নাকাটি দেখতে পান। দেরি না করে তিনি শিশুটিকে উদ্ধার করেন এবং সাথে থাকা পুলিশের গাড়িতে তুলে দ্রুত নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্বজন ও হুইপ দুলুর বক্তব্য
মৃত শিশুর চাচা জানান, হুইপ দুলু গ্রামের বাড়ি থেকে ফেরার পথে তাদের বাড়ির সামনে গাড়ি থামান। এ সময় পানিতে পড়ে যাওয়া তার ভাতিজাকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, গ্রামের বাড়ি থেকে ফেরার পথে শাখারীপাড়া এলাকায় মানুষের ভিড় ও কান্নাকাটি দেখে গাড়ি থামান তিনি। শিশুটিকে জীবিত মনে হওয়ায় সাথে থাকা পুলিশের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান। দ্রুতগতিতে যাওয়ায় ১০ মিনিটেরও কম সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো যায়নি। এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান।
যা বলছেন চিকিৎসক
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুবুর রহমান বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসাসেবা দেয়া হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









