শেখ হাসিনা
শেখ হাসিনা। সংগৃহীত
ads

আইনি প্রক্রিয়া যতই দীর্ঘ হোক বা ঢাকা যতই কঠোরভাবে দাবি জানাক না কেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে প্রত্যর্পণ করবে না’ বলে মনে করেন দক্ষিণ এশিয়া বিষয়ক শীর্ষস্থানীয় ভারতীয় গবেষক ড. শ্রীরাধা দত্ত। 

ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপকের মতে, চলমান এই কূটনৈতিক অচলাবস্থার কারণে প্রতিবেশী দুই দেশেরই হারানোর অনেক কিছু রয়েছে।

ডেইলি ওয়াদাকে দেয়া এক সাক্ষাৎকারে ড. শ্রীরাধা বলেন, ‘শেখ হাসিনা ভারতের একজন ভালো বন্ধু। ভারত তাকে একজন মিত্র হিসেবে বিবেচনা করে এবং ভারত কখনোই এমন একজন মানুষকে হস্তান্তর করবে না।’

আরো পড়ুন : কীভাবে এখন ধরা পড়ছেন আত্মগোপনে থাকা প্রভাবশালীরা? গ্রেফতারের নেপথ্যে প্রশ্ন

তবে এই মূল্যায়ন কোনো সরকারি অবস্থান নয়, বরং ভারতের রাজনীতির বিষয়ে তার ব্যক্তিগত বোঝাপড়ার প্রতিফলন বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। 

ড. শ্রীরাধা বলেন, ‘এগুলো আমার ব্যক্তিগত মতামত। রাজনীতির একজন শিক্ষার্থী হিসেবে আমি যা বুঝি, তা-ই বলছি।’

প্রত্যর্পণ চুক্তি ও সম্পর্কের টানাপোড়েন

ভারত ও বাংলাদেশ বিশ্বের অন্যতম দীর্ঘ স্থলসীমান্ত ভাগ করে নেয়। দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা স্বার্থ এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা নিবিড়ভাবে যুক্ত। তবুও ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন চলছে। ভারত থেকে তার অব্যাহত রাজনৈতিক কর্মকাণ্ড ঢাকার সাথে সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টাকে আরো জটিল করে তুলেছে।

আরো পড়ুন : রোহিঙ্গাদের জন্মহার কমাতে বিশেষ নিয়ম চালু করেছিল মিয়ানমার সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন প্রাথমিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রত্যাশা তৈরি করেছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেন, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার যোগ দেন এবং নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানায়। 

কিন্তু প্রস্তাবিত সেই সফরটি পরবর্তীতে অনিশ্চিত হয়ে পড়ে। কিছু কনস্যুলার ও শিক্ষা সংক্রান্ত সেবা পুনরায় চালু হলেও, বিগত বছরগুলোতে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সহযোগিতার বড় অংশই এখন স্থবির।

অধ্যাপক শ্রীরাধা মনে করেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার পথ তৈরি করবে না। 

আরো পড়ুন : হলিউড কিংবদন্তিদের কাতারে শাহরুখ, পেছনে ফেললেন যাদের

তিনি বলেন, ‘প্রত্যর্পণ একটি দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু আমরা যদি ধরেও নিই যে প্রযুক্তিগত ও আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব, তাহলেও প্রশ্ন থাকে—ভারত কি তাকে প্রত্যর্পণ করতে চায়? 

সহজ কথায়, আমার মনে হয় ভারত তা চায় না এবং কখনোই চাইবে না।’

দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিশেষ বিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘চুক্তির বেশ কয়েকটি অনুচ্ছেদে সুনির্দিষ্ট শর্তের উল্লেখ রয়েছে, যার অধীনে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।’

তবে ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপট এবং তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর কারণে ঢাকা যে স্বাভাবিকভাবেই প্রত্যর্পণের দাবি বজায় রাখবে, সে বিষয়টিও স্বীকার করেন ড. শ্রীরাধা।

‘তিনি যেভাবে এসেছেন, সেভাবেই ফিরে যেতে পারেন’

শেখ হাসিনার পাসপোর্ট এবং কোন শর্তে তিনি বাংলাদেশে ফিরতে পারেন—তা নিয়ে চলা বিতর্ককেও উড়িয়ে দিয়েছেন অধ্যাপক শ্রীরাধা। তিনি বলেন, ‘তিনি যদি যেতে চান, তবে অবশ্যই যেতে পারেন। তিনি যেভাবে এসেছেন, সেভাবেই ফিরে যেতে পারেন। এর জন্য প্রত্যর্পণ চুক্তি বা পাসপোর্ট কোনোটিরই প্রয়োজন নেই।’

তৃতীয় কোনো দেশে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হলেও নিজ দেশে ফিরে যাওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয় বলে তিনি যুক্তি দেন। তার ভাষায়, ‘তার পাসপোর্ট এবং এই সংক্রান্ত যত কথাবার্তা আমরা শুনছি, আমার মতে সেগুলো নিছকই একটি কৌশল।’

তিনি আরো বলেন, ‘ফিরে যাওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে সেই যাত্রা সম্পন্ন করার অবশ্যই উপায় আছে। কিন্তু এ নিয়ে যেসব শোরগোল হচ্ছে তা অপ্রয়োজনীয় এবং এর পেছনে কোনো আন্তরিকতা প্রকাশ পায় না।’

তার মূল্যায়নে, পাসপোর্ট বিতর্ক একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ। নির্বাসনে থেকে নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখতে শেখ হাসিনা তার সমর্থকদের মাধ্যমে প্রচারিত সাক্ষাৎকার, নিবন্ধ এবং ভিডিও ব্যবহার করছেন বলে ইঙ্গিত দেন তিনি। 

ড. শ্রীরাধা বলেন, ‘তিনি তার ইস্যুটিকে জীবিত রাখতে চান, এবং এটি বেশ স্বাভাবিক।’

তিনি জানান, আওয়ামী লীগ এবং বাংলাদেশে এখনো অবস্থানরত দলের নেতাকর্মী ও অনুগতদের কাছে শেখ হাসিনা এখনো কেন্দ্রীয় চরিত্র। দলের নেতৃত্ব যে রাজনৈতিকভাবে এখনো প্রাসঙ্গিক, সে বিষয়ে তাদের আশ্বস্ত হওয়া প্রয়োজন। দলের চলমান তৎপরতার উদাহরণ হিসেবে তিনি গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাবলির কথা উল্লেখ করেন।

তরুণ প্রজন্মের মনোভাব ও জুলাইয়ের ক্ষত

অধ্যাপক শ্রীরাধা আওয়ামী লীগের টিকে থাকা সমর্থক গোষ্ঠী এবং সাবেক নেত্রীর প্রতি সাধারণ মানুষের মনোভাবের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য টেনেছেন। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ, বিশেষ করে তরুণ প্রজন্ম এখনো শেখ হাসিনাকে নেতিবাচক দৃষ্টিতে দেখে। 
তার মতে, এই বিরূপ মনোভাব কেবল ১৫ বছরের শাসনামলে পুঞ্জীভূত রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষোভ থেকেই নয়, বরং ২০২৪ সালের জুলাইয়ের সহিংসতা থেকেও তৈরি হয়েছে।

ড. শ্রীরাধা বলেন, ‘বাংলাদেশে বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠী রয়েছে, যাদের অনেকেই বছরের পর বছর ধরে রাজনৈতিক ও আর্থ-সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।’

তিনি যোগ করেন, ‘তবে জুলাই আন্দোলনের সময় তারা যে সহিংসতা ও আক্রমণের শিকার হয়েছে, তা অদূর ভবিষ্যতে সামষ্টিক স্মৃতি থেকে মুছে যাওয়ার সম্ভাবনা কম।’ 

এই অভিজ্ঞতাগুলো তরুণ প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ককে আগামীতেও প্রভাবিত করবে বলে তিনি মনে করেন।

কূটনৈতিক অচলাবস্থা কাটাতে প্রথম পদক্ষেপ কে নেবে?

ড. শ্রীরাধার মতে, বর্তমানের সবচেয়ে জরুরি কূটনৈতিক প্রশ্ন হলো—স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ কোন সরকার নেবে। তারেক রহমান দায়িত্ব নেয়ার পর সম্পর্কের ক্ষেত্রে একটি সংক্ষিপ্ত সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু দিল্লিতে ৫ আগস্ট শেখ হাসিনার উপস্থিতি, ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের একটি অনুষ্ঠান এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া শর্তগুলো সেই সুযোগকে সংকুচিত করে দেয়।

অধ্যাপক শ্রীরাধা বলেন, ‘সবকিছু মিলিয়ে বিষয়টি অত্যন্ত জটিল এক জায়গায় গিয়ে ঠেকেছে।’

তারেক রহমানের ভারত সফরের আগে অমীমাংসিত দ্বিপাক্ষিক বিরোধগুলো নিষ্পত্তি করতে হবে—ঢাকার এমন অবস্থানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমার কাছে এটি একটি অত্যন্ত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বলে মনে হয়। যখন কোনো সমস্যা থাকে, তখন আপনারা আসুন এবং কথা বলুন।’

তিনি আরো বলেন, ‘আপনি যদি কথা বলার আগেই শর্ত জুড়ে দেন, তবে ভারত কীভাবে প্রতিক্রিয়া দেখাবে? এটি অনেকটা এমন বার্তা দিচ্ছিল যে ঢাকা আগ্রহী নয়।’

তবে এই অচলাবস্থার দায় তিনি কেবল বাংলাদেশের ওপরই চাপাননি। ড. শ্রীরাধা বলেন, ‘উভয় পক্ষের অবস্থানেই কঠোরতা রয়েছে। দুই সরকারের যেকোনো একটিকে এগিয়ে এসে বলতে হবে : অনেক অমীমাংসিত বিষয় রয়েছে, চলুন এখন কথা বলি।’

যোগাযোগের জবাব না পাওয়া নিয়ে তিনি পরস্পরবিরোধী বক্তব্য শুনেছেন বলে জানান। একদিকে নয়াদিল্লি থেকে পাঠানো বেশ কয়েকটি বার্তার জবাব ঢাকা দেয়নি বলে শোনা যায়; অন্যদিকে বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন যে, গঙ্গার পানি বণ্টন সংক্রান্ত তাদের যোগাযোগের কোনো উত্তর ভারত দেয়নি।

সংলাপ শুরুর বিকল্প পথ দেখিয়ে তিনি বলেন, ‘বেশ কিছু দ্বিপাক্ষিক কাঠামো ছাড়াও অনেক উপদেষ্টা ও মন্ত্রী রয়েছেন, যাঁরা এ বিষয়ে নেতৃত্ব দিতে পারেন।’ 

উভয় সরকারকেই শেষ পর্যন্ত বর্তমান অবস্থান থেকে সরে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে কোনো টেকসই পর্যায় নয়।’

পানি বণ্টন, অপরাধীদের প্রত্যর্পণ ও অর্থনৈতিক মাশুল

গঙ্গার পানি বণ্টন চুক্তি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটে ভারতের কাছ থেকে বাংলাদেশের একটি বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি পাওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করেন অধ্যাপক শ্রীরাধা। 

তিনি বলেন, ‘পানির বিষয়ে একটি আশ্বাস বাংলাদেশকে বড় ধরনের মানসিক স্বস্তি দেবে, কিন্তু তেমন কিছু এখনো দেখা যাচ্ছে না।’

জুলাই ২০২৪-এর হত্যাকাণ্ড এবং হাদি হত্যার সাথে জড়িত সন্দেহভাজনসহ বাংলাদেশে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ভারত কেন আশ্রয় দিয়ে চলেছে, সে প্রশ্নও তোলেন তিনি। 

তার ভাষায়, ‘হাদির খুনি বা যাদের নাম আসছে তাদের কাউকে ফেরত না পাঠানোর কোনো কারণ আমি দেখি না। আমাদের দেশের জন্য তাদের কী প্রয়োজন?’

তবে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকলেও প্রত্যর্পণ প্রক্রিয়া ধীরগতির হতে পারে বলে তিনি সতর্ক করেন। উদাহরণ হিসেবে তিনি স্মরণ করিয়ে দেন, তৎকালীন দুই সরকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারতীয় বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রত্যর্পণ করতে বাংলাদেশ বেশ সময় নিয়েছিল। 

ড. শ্রীরাধা 'ইস্যু-ভিত্তিক' সমাধানের পদ্ধতিতে ফিরে যাওয়ার পক্ষে মত দিয়ে বলেন, ‘এসব বিষয় যদি সংলাপের মাধ্যমে তোলা হয়, আমি নিশ্চিত সেগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে।’

কূটনৈতিক এই শীতলতার অর্থনৈতিক মূল্যও দিতে হচ্ছে। মেডিক্যাল ভিসায় কড়াকড়ির কারণে সীমান্ত পারাপার ব্যাহত হওয়ায় বাংলাদেশী পর্যটকদের ওপর নির্ভরশীল কলকাতার হোটেল এবং সীমান্তকেন্দ্রিক ব্যবসা ও সেবা খাত সংকটে পড়েছে।

তবে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ সমান নয় উল্লেখ করে ড. শ্রীরাধা বলেন, ‘ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে ধাক্কা সামলে নেয়ার ক্ষমতা ভারতের অনেক বেশি শক্তিশালী।’ 

বাংলাদেশের ছোট অর্থনীতি এবং সীমান্ত সংযোগের ওপর নির্ভরশীলতার কারণে এই অচলাবস্থা সামাল দেয়া ঢাকার জন্য বেশি কঠিন বলে তিনি ইঙ্গিত দেন।

হাসিনা আমলের ভারতীয় নীতি ও ভবিষ্যৎ সম্ভাবনা

হাসিনার শাসনামলে নয়াদিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল কি না—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক শ্রীরাধা সেই অভিযোগ নাকচ করে দেন। 

তবে তার মূল্যায়নে, একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচিত সরকারের গণতান্ত্রিক ঘাটতিগুলোকে ভারত মূলত উপেক্ষা করার পথ বেছে নিয়েছিল, যা বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব তৈরিতে ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ‘নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হওয়া থেকে অনেক দূরে ছিল, কিন্তু ভারতের মনোভাব ছিল এমন: বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায় যখন মেনে নিয়েছে, তখন ভারতের ভিন্ন মত পোষণ করার কী প্রয়োজন?’

তবুও এই অতীত তারেক রহমান সরকারের সাথে সহযোগিতার পথ অসম্ভব করে তুলেছে বলে তিনি মনে করেন না। 

ড. শ্রীরাধা বলেন, ‘আমি এমন কোনো পরিস্থিতি কল্পনা করি না যেখানে আমরা একটি নির্বাচিত সরকারের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে চাইব না।’

তিনি আরো যোগ করেন, ‘সম্পর্ক ধীরে ধীরে উষ্ণ হবে এবং সময়ের সাথে সাথে বন্ধুত্বে রূপ নেবে। কিন্তু আমাদের কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে।’

ভৌগোলিক অবস্থান, বাণিজ্য, নিরাপত্তা এবং আঞ্চলিক যোগাযোগের কারণে সম্পর্কের দীর্ঘস্থায়ী অবনতি টিকিয়ে রাখা কঠিন বলে তিনি যুক্তি দেন। 

অধ্যাপক শ্রীরাধা বলেন, ‘আমাদের ভাগ্য একে অপরের সাথে গাঁথা, এবং একসাথে কাজ করা অনিবার্য।’

সবশেষে তিনি বলেন, ‘কিছু ছোটখাটো বিরক্তিকর বিষয়কে পথে বাধা হতে দিয়ে আমরা মূল্যবান সময় নষ্ট করছি।’

সূত্র: ডেইলি ওয়াদা