নিখোঁজ, স্বামী, স্ত্রী, মেয়ে, উপার্জনক্ষম, মানবেতর জীবন, গরুর হাট, সাধারণ ডায়েরি, জিডি, সংবাদ সম্মেলন, দিনমজুর, প্রতিবেশী, ইউপি সদস্য, পাকুন্দিয়া থানা
বাঁয়ে নিখোঁজ বুলবুল ও ডানে সংবাদ সম্মেলনের দৃশ্য। নয়া দিগন্ত
ads

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বুলবুল (৫১) নিখোঁজ হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অনিশ্চয়তা ও মানবেতর দিন কাটাচ্ছে তার স্ত্রী ও একমাত্র মেয়ে।

প্রিয়জনকে ফিরে পেতে এক সংবাদ সম্মেলনে দেশবাসীর প্রতি আকুল ও মানবিক আবেদন জানিয়েছেন তার স্বজনরা।

নিখোঁজ বুলবুল উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী গ্রামের মরহুম আব্দুল ছালামের ছেলে। গত ১৪ সেপ্টেম্বর উপজেলার শিমুলিয়া সিস্টল গরুর বাজার থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার স্ত্রী নাসিমা বেগম গত ৬ অক্টোবর পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার বিকেলে সালুয়াদী গ্রামের বদরুদ্দিন ভূঁইয়ার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে নাসিমা বলেন, ‘আমার স্বামী অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ। অন্যের জমিতে দিনমজুরি করে কোনোমতে আমাদের সংসার চালাতেন। গত ১৪ সেপ্টেম্বর প্রতিবেশী আব্দুল কদ্দুস মিয়ার সাথে শিমুলিয়া গরুর হাটে গিয়ে আর বাড়ি ফেরেননি। দুই মাস ধরে তার কোনো খোঁজ নেই। তিনিই আমাদের একমাত্র ভরসা। আমার স্বামীকে ফিরে পেতে সবার সহযোগিতা ও দয়া কামনা করছি।’

প্রতিবেশী আব্দুল কদ্দুস জানান, তিনি বুলবুলকে সাথে করে গরুর বাজারে নিয়ে গিয়েছিলেন। বাজারে কাজ শেষ না হওয়ায় বুলবুল একাই বাড়ি ফেরার কথা বলে চলে আসেন। কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য মো: ইমাম হোসেন মোড়ল ও সাবেক ইউপি সদস্য ফেরদৌস ভূঁইয়া জানান, বুলবুল এলাকার অত্যন্ত নিরীহ মানুষ। গ্রামবাসীর উদ্যোগে আশপাশের এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। অসহায় পরিবারটির পাশে এলাকাবাসী সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে নিখোঁজ বুলবুলের মেয়ে ববিতা আক্তার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমতুল্লাহ ভূঁইয়া বাবুল, চাচাতো ভাই কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোনো বুলবুলের সন্ধান পেলে ০১৯০৬-৫৫১৫৬৮ অথবা ০১৭১৮-৫১৫২১০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি মো: হেলাল উদ্দিন জানান, নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তৎপরতা অব্যাহত রেখেছে ও খোঁজ পাওয়া মাত্রই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।