আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। নয়া দিগন্ত গ্রাফিক্স
ads

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন সাধারণ জনতা।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ও সন্ধ্যায় রূপসা উপজেলার সেনেরবাজার ও নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকায় এসব ঘটনা ঘটে।

রূপসার সেনেরবাজারে গণপিটুনির শিকার হন আওয়ামী লীগ নেতা মো: মনিরুজ্জামান ওরফে মনির মাস্টার। তিনি আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইচগাতীর বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মনির মাস্টারকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: উজ্জ্বল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন মনিরুজ্জামানকে তার দোকান থেকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুম খান বলেন, মনির মাস্টারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলাসহ মারামারি ও নাশকতার মোট তিনটি মামলা রয়েছে। রোববার (২২ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, একইদিন সন্ধ্যায় ফুলবাড়ীগেটের জনতা মার্কেটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এ টি এম লাইসুজ্জামান (৫০) নামে এক নেতাকে মারধর করা হয়।

আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির শেখের দাবি, ওই অফিসে ককটেল তৈরির সরঞ্জাম, কাঁচের বোতল ও পেট্রোল পাওয়া গেছে। সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন নথিপত্র ও ভিডিও উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল বাশার বলেন, ককটেল তৈরির সময় কাউকে আটকের বিষয়ে তিনি কিছু জানেন না। লাইসুজ্জামানকে ঘিরে কী ঘটেছে, সে সম্পর্কেও তাকে বিস্তারিত জানানো হয়নি। যতটুকু জানেন, ওই ব্যক্তি দোকানে ছিলেন।