
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশী যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিছনাকান্দি সীমান্ত এলাকায় পাথর সংগ্রহ করতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে তাকে আটক করে বিএসএফ।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।
শাহরিয়ার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মরকিটিলা এলাকায় সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি অন্য শ্রমিকদের সাথে পাথর সংগ্রহ করতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর সংগ্রহ করতে গিয়ে তিনি ও তার সহযোগীরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তবে শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শোনে। শনিবার সকালে তাকে হাদারপার বাজারের একটি দোকানে পাঠানো হয়েছিল। কিন্তু সে পাথর সংগ্রহ করতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। এ ঘটনায় তিনি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সাথে কথা বলেছেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে ওই যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল। এ কারণে বিএসএফ তাকে আটক করেছে। বিষয়টি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে আলোচনা চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিছনাকান্দি সীমান্তের পর্যটন স্পট এলাকায় প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যরা এক পর্যটককে গালিগালাজ করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বিজিবি সদস্যরা এক বিএসএফ সদস্যকে দু’টি অস্ত্রসহ আটক করে হেফাজতে নেন।
পরে একইদিন সন্ধ্যা ৭টার দিকে ১২৬৩ নম্বর পিলারসংলগ্ন সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









